প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
গণতান্ত্রিক দেশে ত্রিবেদী-সার্জিও গরের এমন বৈঠক কাম্য নয়: জামায়াত আমির
মোঃ রাজিব হোসেন। ||
জামায়াতে ইসলামীর আমির ও বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদির এ ধরনের বৈঠক কোনোভাবেই কাম্য নয়।তিনি বলেন, বৈঠকটি যদি শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ না হয়ে দুই দেশের কোনো বিষয়কে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়ে থাকে, তবে সে বিষয়ে আলোচনা বাংলাদেশ সরকারের সঙ্গেই হওয়া উচিত।শনিবার (২ আগস্ট) সিলেটের স্থানীয় দৈনিক জালালাবাদ-এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব মন্তব্য করেন।ডা. শফিকুর রহমান বলেন, “তারা ভারতে বসেও আলোচনা করতে পারেন। তিনি তো ভারতের রাষ্ট্রদূত। এখানে এসে ভারতের হাইকমিশনারের সঙ্গে সাক্ষাৎ যদি কেবল সৌজন্য সাক্ষাৎ হয়ে থাকে, তাহলে সেটি ভিন্ন বিষয়। কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে, তাহলে তা বাংলাদেশ সরকারের সঙ্গে হওয়া উচিত। প্রয়োজনে বিরোধী দলের সঙ্গেও আলোচনা হতে পারে।”এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি নির্বাচন কমিশন নিয়েও উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সরকার এমন কিছু প্রক্রিয়া শুরু করেছে, যা নিয়ে তাদের মধ্যে শঙ্কা রয়েছে। তার অভিযোগ, কয়েক বছর আগে অবসর নেওয়া ‘একজন দলীয় ব্যক্তিকে’ নির্বাচন কমিশনে পদায়ন করা হয়েছে।তিনি আরও বলেন, গত ১২ ফেব্রুয়ারির নির্বাচন দেখেই তারা উদ্বিগ্ন হয়েছেন। আবারও যদি একই ধরনের পাঁয়তারা করা হয়, তাহলে নির্বাচন নিয়ে সরকারের সদিচ্ছা সম্পর্কে পুরো জাতির মধ্যে উদ্বেগ সৃষ্টি হবে।অনুষ্ঠানে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডেরও সমালোচনা করেন জামায়াত আমির। তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয় অনিয়ম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান। তার ভাষ্য, “দলকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব যেমন তার, তেমনি পুরো দেশের দায়িত্বও তাকে নিতে হবে। দুর্নীতি ও চাঁদাবাজি বন্ধ করতে হবে।”এ সময় বিএনপিরও সমালোচনা করেন ডা. শফিকুর রহমান। তিনি অভিযোগ করেন, নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর দলটি গণভোটের প্রশ্নে নিজেদের অবস্থান পরিবর্তন করেছে। তার বক্তব্য, সবাই আগে গণভোটের পক্ষে কথা বলেছিল। পরে হঠাৎ করে তারা কেন অবস্থান পরিবর্তন করল, সেই প্রশ্নও তোলেন তিনি।
সূত্র: দৈনিক ইনকিলাব
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত