প্রিন্ট এর তারিখ : ০২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬
যোগদানের পরই অ্যাকশনে বিভাগীয় পরিচালক, পটুয়াখালী মেডিকেলে অনিয়ম দেখে ক্ষোভ
মোঃ আবদুর রহিম মেহেদী , স্টাফ রিপোর্টার ||
যোগদানের পর প্রথমবারের মতো পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শনে এসে বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনা ও সেবার ঘাটতি দেখে ক্ষোভ প্রকাশ করেছেন বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ রিফাতুল হায়দার। তিনি দ্রুত এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়েছেন।শনিবার (১ আগস্ট) দুপুরে তিনি হাসপাতালের জরুরি বিভাগ, বহির্বিভাগ (আউটডোর) এবং বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। এ সময় চিকিৎসকদের উপস্থিতি, রোগীদের চিকিৎসাসেবা এবং হাসপাতালের সার্বিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন। পাশাপাশি সেবার মান সম্পর্কে জানতে রোগী ও তাদের স্বজনদের সঙ্গেও কথা বলেন।পরিদর্শনের একপর্যায়ে তিনি হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য প্রস্তুত করা খাবারের মান, পরিবেশনা ও স্বাস্থ্যবিধি সরেজমিনে পরীক্ষা করেন। রোগীদের জন্য বরাদ্দকৃত মাংসের পরিমাণ নিজেই পরিমাপ করে দেখেন। এছাড়া হাসপাতাল চত্বরের পরিচ্ছন্নতা ও সামগ্রিক পরিবেশও পর্যবেক্ষণ করেন।পরিদর্শন শেষে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক ডা. মোহাম্মদ রিফাতুল হায়দার বলেন, “হাসপাতালে যেসব অনিয়ম ও ঘাটতি চোখে পড়েছে, সেগুলো দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। রোগীরা যেন মানসম্মত চিকিৎসাসেবা পান, সেটিই আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। সেবার ক্ষেত্রে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।”পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. দিলরুবা বলেন, “বিভাগীয় পরিচালক হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেছেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দিয়েছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। হাসপাতালের সেবার মান আরও উন্নত করতে আমরা কাজ করছি।”হাসপাতাল সূত্রে জানা গেছে, বিভাগের নতুন স্বাস্থ্য পরিচালকের এই আকস্মিক পরিদর্শনের পর হাসপাতালের বিভিন্ন ইউনিটে শৃঙ্খলা ও সেবার মান উন্নয়নে কার্যক্রম জোরদার করার উদ্যোগ নেওয়া হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত