প্রিন্ট এর তারিখ : ০৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
সাবেক ছাত্রলীগ নেতা অজয় কর খোকন আরেক হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো
মোঃ রাজিব হোসেন। ||
রাজধানীর মোহাম্মদপুর থানায় দায়ের হওয়া মো. নাজমুল মিয়া হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা ও নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকনকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।সোমবার (৩ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম এ আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার অপরাধ, তথ্য ও প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক (এসআই) মো. মিজানুর রহমান।এর আগে গত ৩০ জুলাই মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আখতারুজ্জামান সরকার অজয় কর খোকনকে এ মামলায় সন্দিগ্ধ আসামি হিসেবে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য দিন নির্ধারণ করেন।আদালতের নথি অনুযায়ী, বৈষম্যবিরোধী আন্দোলন দমনে ২০২৪ সালের ৪ আগস্ট ধানমন্ডি, মোহাম্মদপুর ও লালমাটিয়া এলাকায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। ওইদিন দুপুর ১২টার দিকে ধানমন্ডি হকার্স মার্কেটসংলগ্ন এলাকায় আন্দোলনকারীদের লক্ষ্য করে ককটেল বিস্ফোরণ এবং এলোপাতাড়ি গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন মো. নাজমুল মিয়া। পরে গুরুতর আহত অবস্থায় তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।এ ঘটনায় ভুক্তভোগীর এক সহকর্মী মোহাম্মদপুর থানায় এজাহারনামীয় আসামিদের পাশাপাশি অজ্ঞাত আরও ৪০০ থেকে ৫০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।এর আগে ২০২৫ সালের ২৩ সেপ্টেম্বর রাতে গুলশান এলাকা থেকে অজয় কর খোকনকে গ্রেপ্তার করা হয়। পরদিন গুলশান থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারেই রয়েছেন।
সূত্র: এনটিভি
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত