প্রিন্ট এর তারিখ : ০৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬
ফরহাদ মজহারের মন্তব্যে জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
মোঃ রাজিব হোসেন। ||
কবি, কলামিস্ট ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার সম্প্রতি এক অনুষ্ঠানে ‘যতদিন জামায়াত থাকবে, ততদিন আওয়ামী লীগ থাকবে’—এমন মন্তব্য করেন। তার এ বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (৩ আগস্ট) দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার-মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানান।বিবৃতিতে তিনি বলেন, ফরহাদ মজহারের মন্তব্য অগ্রহণযোগ্য, বিভ্রান্তিকর, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। তিনি ওই বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান। একই সঙ্গে তিনি গঠনমূলক সমালোচনার প্রত্যাশার কথাও উল্লেখ করেন।এহসানুল মাহবুব জুবায়ের বলেন, আওয়ামী লীগ দীর্ঘ সাড়ে ১৬ বছর বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিরোধী রাজনৈতিক শক্তির ওপর জুলুম, নির্যাতন, গুম, খুন, হত্যাযজ্ঞ ও লুটপাট চালিয়েছে। তার দাবি, সে সময়ে রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে জামায়াত নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক আন্দোলন চালিয়েছে। এ আন্দোলনের ধারাবাহিকতায় দলটির শীর্ষ নেতারা শাহাদাতবরণ করেছেন এবং বহু নেতাকর্মী আহত, পঙ্গুত্ববরণ ও কারাবরণের শিকার হয়েছেন বলেও তিনি উল্লেখ করেন।বিবৃতিতে আরও বলা হয়, চব্বিশের জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি করার বিষয়ে কোনো প্রত্যাশা জনগণের নেই। তার দাবি, সরকারিভাবে নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরিয়ে আনার পক্ষে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কেউ ভূমিকা রাখলে জনগণ তাদের ফ্যাসিবাদের সহযোগী হিসেবে চিহ্নিত করবে।তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি রাজনৈতিক শক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ফ্যাসিবাদের পতন ত্বরান্বিত করতে ভূমিকা রেখেছে। তার ভাষ্য, জামায়াতকে আওয়ামী লীগের সঙ্গে একই কাতারে দেখানোর চেষ্টা করলে জনগণ তা গ্রহণ করবে না এবং সংশ্লিষ্টদের ফ্যাসিবাদের সহযোগী বা পুনর্বাসনকারী হিসেবে বিবেচনা করবে।
বিবৃতির শেষাংশে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জুলাইয়ের চেতনাকে ধারণ করে নতুন বাংলাদেশ গঠনের লক্ষ্যে গণভোটের রায় বাস্তবায়নের আন্দোলন চালিয়ে যাচ্ছে। তার মতে, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়িত হলে নতুন বাংলাদেশে আওয়ামী লীগের মতো ফ্যাসিস্ট ও গণহত্যাকারী দলের রাজনীতি করার সুযোগ থাকবে না।সূত্র: দেশ রূপান্তর।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত