প্রিন্ট এর তারিখ : ০৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬
নওগাঁর শৈলগাছীতে দিনদুপুরে ছিনতাই: পাটক্ষেত থেকে দেশীয় অস্ত্রসহ আটক ১
মোঃ ওলিউল্লাহ , ব্যুরো প্রধান রাজশাহী ||
নওগাঁ সদর উপজেলার শৈলগাছী ইউনিয়নের পিন্টুর মোড় সংলগ্ন এলাকায় এক বিকাশ কর্মীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা ও পুলিশের যৌথ তৎপরতায় এক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ কোম্পানির এক প্রতিনিধি ব্যবসায়িক কাজে পিন্টুর মোড় থেকে ভেতরের সড়ক দিয়ে যাওয়ার সময় একদল দুর্বৃত্ত তার গতিরোধ করে। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে।ভুক্তভোগীর চিৎকারে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে ছিনতাইকারীদের ধাওয়া করেন। একপর্যায়ে দুর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে পড়ে। পরে স্থানীয়রা একটি পরিত্যক্ত পাটক্ষেত তল্লাশি চালিয়ে এক সন্দেহভাজনকে দেশীয় অস্ত্রসহ আটক করেন। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবহিত করলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।আহত বিকাশ কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া অন্যান্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত