প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
সেতু আছে সড়ক নেই, নির্মান কাজ শেষ হলেও সংযোগ সড়কের অভাবে ভোগান্তিতে দুই গ্রামের মানুষ।
মো: শাকিল হোসেন। ||
পটুয়াখালী সদর উপজেলার ভুরিয়া ইউনিয়নের ভায়লা গ্রামের ৭ নম্বর ওয়ার্ডে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)-এর অধীনে প্রায় তিন বছর আগে একটি আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণকাজ শুরু হলেও আজও তা জনসাধারণের ব্যবহারের জন্য চালু করা সম্ভব হয়নি। কারণ, ব্রিজটির দুই পাশের সংযোগ সড়ক (এপ্রোচ রোড) এখনো নির্মাণ করা হয়নি।স্থানীয়দের অভিযোগ, ব্রিজটির গার্ডার ও উপরের ছাদের কাজ অনেক আগেই শেষ হয়েছে। কিন্তু সংযোগ সড়ক নির্মাণ না হওয়ায় পুরো প্রকল্পটি কার্যত অচল হয়ে পড়ে আছে। এতে প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে ভায়লা এবং কুড়িপাইকা গ্রামের কয়েক হাজার বাসিন্দাকে।এলাকাবাসী জানান, ব্রিজটি চালু হলে শিক্ষার্থী, কৃষক, ব্যবসায়ীসহ সাধারণ মানুষের যাতায়াত অনেক সহজ হবে। কিন্তু দীর্ঘ তিন বছর ধরে সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় তাদের বিকল্প ও ঝুঁকিপূর্ণ পথ ব্যবহার করতে হচ্ছে। বর্ষা মৌসুমে এ দুর্ভোগ আরও কয়েকগুণ বেড়ে যায়।স্থানীয়দের দাবি, জনগণের অর্থে নির্মিত ব্রিজটি দীর্ঘদিন ব্যবহারহীন পড়ে থাকায় সরকারি অর্থের সঠিক ব্যবহার নিয়েও প্রশ্ন দেখা দিয়েছে। তারা দ্রুত সংযোগ সড়কের নির্মাণকাজ সম্পন্ন করে ব্রিজটি জনসাধারণের জন্য উন্মুক্ত করার জোর দাবি জানান।এ বিষয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও তাৎক্ষণিকভাবে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে এলাকাবাসীর প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে দীর্ঘদিনের এই ভোগান্তির অবসান ঘটাবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত