প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার স্বপ্ন পূরণ, সেলফি তুললেন নিরাপত্তাকর্মী রাকিব
মোঃ রাজিব হোসেন। ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করার দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হয়েছে তাবিউল ইসলাম রাকিব নামের এক নিরাপত্তাকর্মীর। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর কার্যালয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে একটি সেলফিও তোলেন তিনি।রাকিব রাজধানীর কুড়িল-বিশ্বরোড এলাকার একটি বেসরকারি ভবনে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত।রাকিব জানান, ছোটবেলা থেকেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার পরিবারের ভক্ত। তখন থেকেই প্রধানমন্ত্রীর সঙ্গে একবার দেখা করার প্রবল ইচ্ছা তার মনে ছিল। সেই আকাঙ্ক্ষার কথা জানিয়ে তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও প্রকাশ করেছিলেন। ওই ভিডিওতে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তিনি ঢাকা ছাড়বেন না। অবশেষে সেই ইচ্ছা পূরণ হওয়ায় তিনি আবেগাপ্লুত হন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সাক্ষাৎকালে রাকিব তার এলাকার দীর্ঘদিনের একটি জনদাবির বিষয়ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তিনি বলেন, বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার পানগুছি নদীর ওপর একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসী দীর্ঘদিন ধরে জানিয়ে আসছেন। নদী পারাপারের সময় প্রায়ই দুর্ঘটনা ঘটে। সেখানে একটি সেতু নির্মাণ করা হলে হাজারো মানুষের দুর্ভোগ কমে আসবে।গত সাত মাস ধরে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে দায়িত্ব পালন করছেন রাকিব। তার গ্রামের বাড়ি বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার নুরুল্লাহপুর শিকদারবাড়ি এলাকায়।
সূত্র: যুগান্তর।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত