প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
সাকিবসহ ১৫ জনের বিরুদ্ধে শেয়ার কারসাজির মামলার তদন্ত শেষ পর্যায়ে, শিগগিরই চার্জশিট
মোঃ রাজিব হোসেন। ||
শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে ২৫৬ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে দায়ের করা মামলার তদন্ত প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। দুর্নীতি দমন কমিশন (দুদক) জানিয়েছে, তদন্তের আনুষ্ঠানিক কার্যক্রম শেষ করে শিগগিরই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুদকের মুখপাত্র মো. আকতারুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, মামলার তদন্তের অধিকাংশ কাজ সম্পন্ন হয়েছে। বর্তমানে শেষ ধাপের কিছু প্রক্রিয়া চলমান রয়েছে। সেগুলো শেষ হলেই দ্রুত আদালতে চার্জশিট জমা দেওয়া হবে।দুদক সূত্রে জানা গেছে, শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে সাকিব আল হাসানসহ ১৫ জনের বিরুদ্ধে এ মামলা করা হয়। তদন্তের অংশ হিসেবে সংশ্লিষ্ট নথিপত্র, আর্থিক লেনদেনের তথ্য এবং অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল যাচাই-বাছাই করা হয়েছে।মামলায় সাকিব আল হাসান ছাড়াও অভিযুক্তদের মধ্যে রয়েছেন সমবায় অধিদপ্তরের উপনিবন্ধক আবুল খায়ের, তার স্ত্রী কাজী সাদিয়া হাসান, আবুল কালাম মাদবর, কনিকা আফরোজ, মোহাম্মদ বাশার, সাজেদ মাদবর, আলেয়া বেগম, কাজী ফুয়াদ হাসান, কাজী ফরিদ হাসান, জাভেদ এ. মতিন, জাহেদ কামাল, হুমায়ূন কবির এবং তানভীর নিজাম।দুদক জানিয়েছে, তদন্ত শেষ হওয়ার আগে মামলাটি নিয়ে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। অভিযোগপত্র আদালতে দাখিলের পর পরবর্তী বিচারিক কার্যক্রম শুরু হবে।
সূত্র: যুগান্তর।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত