প্রিন্ট এর তারিখ : ০৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬
ভোলায় গ্যাস-বিদ্যুৎ সংকট নিরসনসহ পাঁচ দফা দাবিতে স্মারকলিপি প্রদান
সুজন সাহ , উপজেলা প্রতিনিধি চরফ্যাশন ||
ভোলায় গ্যাস সংকট নিরসন, লোডশেডিং বন্ধ, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ পাঁচ দফা দাবিতে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট।বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ভোলা জেলা প্রশাসক ডা. শামীম রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রীর কাছে এ স্মারকলিপি জমা দেওয়া হয়।স্মারকলিপিতে বলা হয়, জনগণের মৌলিক চাহিদা পূরণ, নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, অযৌক্তিক বিদ্যুৎ বিল আদায় বন্ধ করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখা সরকারের অন্যতম দায়িত্ব। কিন্তু এসব বিষয়ে কার্যকর উদ্যোগের অভাবে সাধারণ মানুষের দুর্ভোগ দিন দিন বাড়ছে বলে অভিযোগ করা হয়।এ সময় পাঁচ দফা দাবি উত্থাপন করা হয়। দাবিগুলো হলো— গ্যাস সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ, লোডশেডিং বন্ধ করে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, বিদ্যুতের মূল্য কমানো, ভুতুড়ে বিদ্যুৎ বিল আদায় বন্ধ করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নামিয়ে আনা।স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, এসব দাবি বাস্তবায়িত হলে জনদুর্ভোগ কমবে, জনগণের আস্থা বৃদ্ধি পাবে এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে ইতিবাচক ভূমিকা রাখবে। তাই দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য প্রধানমন্ত্রীর প্রতি জোর দাবি জানানো হয়।স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন ১১ দলীয় ঐক্যজোটের ভোলা জেলা যুগ্ম আহ্বায়ক মাওলানা মো. হারুনুর রশিদ, এনসিপি ভোলা জেলা আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ জিয়াউর রহমান, এনসিপি জেলা সিনিয়র যুগ্ম সদস্য সচিব মোহাম্মদ মাকসুদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভোলা জেলা শাখার সহকারী সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিন, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক আমির হোসাইন, ভোলা সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা কামাল হোসেন, ভোলা পৌর জামায়াতের আমির মাওলানা জামাল উদ্দিন, নায়েবে আমির মো. রুহুল আমিনসহ ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত