প্রিন্ট এর তারিখ : ০৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬
দেশের গণমাধ্যম এখনো পুরোপুরি স্বাধীন নয়: ডা. শফিকুর রহমান
মোঃ রাজিব হোসেন। ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, বাংলাদেশে গণমাধ্যম এখনো প্রকৃত অর্থে স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাচ্ছে না। সত্য ও নিরপেক্ষ সংবাদ প্রকাশের জন্য সাংবাদিকদের স্বাধীন পরিবেশ নিশ্চিত করা প্রয়োজন।শুক্রবার (৭ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বাগেরহাট সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, রাজনৈতিক সহিংসতা, হত্যাকাণ্ড, দমন-পীড়ন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষের জীবন কঠিন হয়ে পড়েছে। মানুষের নাভিশ্বাস উঠে গেছে। এমন পরিস্থিতিতে সরকার কতটা সফল হয়েছে, তার বিচার জনগণই করবে।বিদ্যুৎ খাত নিয়ে জামায়াত আমির বলেন, দেশের মানুষ তাদের প্রয়োজন অনুযায়ী বিদ্যুৎ পাচ্ছে না। পাশাপাশি ‘ভূতুড়ে বিলের’ কারণে সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তিনি।দেশের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা এখন সময়ের দাবি। মানুষের জানমাল রক্ষা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা সরকারের দায়িত্ব। তবে এ ক্ষেত্রে সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন রয়েছে বলেও মন্তব্য করেন তিনি।গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে ডা. শফিকুর রহমান বলেন, গণমাধ্যম কোনো সময়ই পুরোপুরি স্বাধীন ছিল না এবং বর্তমানেও তিনি গণমাধ্যমকে স্বাধীন মনে করেন না। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের স্বার্থে সাংবাদিকদের স্বাধীনভাবে কাজ করার পরিবেশ তৈরি করা জরুরি।বাগেরহাট জেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় কেন্দ্রীয় জামায়াত নেতা ও সংসদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ, বাগেরহাট-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মো. মশিউর রহমান, বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাত, বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম, জেলা জামায়াতের সেক্রেটারি শেখ মুহাম্মদ ইউনুছসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।মতবিনিময় সভা শেষে ডা. শফিকুর রহমান বাগেরহাট জেলা রুকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেন।
সূত্র: কালবেলা
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত