প্রিন্ট এর তারিখ : ০৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬
দীর্ঘ বিরতির পর অস্ট্রেলিয়ার মঞ্চে রুনা লায়লা
বিনোদন ডেক্স ||
দীর্ঘ বিরতির পর আবারও অস্ট্রেলিয়ার মঞ্চে সংগীত পরিবেশন করছেন উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লা। নিজের দীর্ঘ সংগীতজীবনের বিশেষ আয়োজন হিসেবে ‘রুনা লায়লা লিগ্যাসি ট্যুর’-এর অংশ হিসেবে অস্ট্রেলিয়ায় একাধিক কনসার্টে অংশ নিচ্ছেন তিনি। প্রায় এক দশক পর দেশটির দর্শকদের সামনে সরাসরি গান গাইছেন এই বরেণ্য শিল্পী।অস্ট্রেলিয়া সফরে রুনা লায়লার সঙ্গে থাকছে বেঙ্গল সিম্ফনি। ইমন চৌধুরীর নেতৃত্বে সংগীত পরিবেশন করবে দলটি। সিডনির পর মেলবোর্নেও আয়োজন করা হয়েছে বিশেষ কনসার্ট। আজ ৮ আগস্ট মেলবোর্নে রুনা লায়লার পরিবেশনা ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা তৈরি হয়েছে।সিডনিতে অনুষ্ঠিত কনসার্টে দর্শকদের ব্যাপক সাড়া পেয়েছেন রুনা লায়লা। প্রবাসী বাঙালিদের পাশাপাশি বিভিন্ন বয়সী দর্শক তার গান উপভোগ করেন। অনুষ্ঠানে তার জনপ্রিয় গানগুলোর পাশাপাশি সংগীতজীবনের দীর্ঘ পথচলার নানা স্মৃতিও উঠে আসে। দর্শকদের অনেকে এই আয়োজনকে নিজেদের শিকড় ও সংস্কৃতির সঙ্গে নতুন করে যুক্ত হওয়ার একটি বিশেষ মুহূর্ত হিসেবে উল্লেখ করেছেন।৬২ বছরের সংগীতজীবনে রুনা লায়লা বাংলা, হিন্দি, উর্দুসহ বিভিন্ন ভাষায় গান গেয়ে উপমহাদেশের সংগীতাঙ্গনে বিশেষ অবস্থান তৈরি করেছেন। তার কণ্ঠের জনপ্রিয়তা বাংলাদেশ ছাড়িয়ে ভারত, পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে রয়েছে।
অস্ট্রেলিয়া সফরের এই আয়োজনের মধ্য দিয়ে দীর্ঘদিন পর প্রবাসী দর্শকদের সামনে সরাসরি গান গাওয়ার সুযোগ পেলেন রুনা লায়লা। আয়োজকদের প্রত্যাশা, তার এই বিশেষ সফর প্রবাসী বাঙালি শ্রোতাদের জন্য দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত