প্রিন্ট এর তারিখ : ০৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দের হাওয়া: রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের প্রত্যাশায় নেতাকর্মী ও সাধারণ মানুষ
মোঃ তোফাজ্জল হোসেন , জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও) ||
দেশের পরবর্তী রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে রাজনৈতিক অঙ্গনের পাশাপাশি উত্তরের সীমান্তবর্তী জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দের হাওয়া। জেলা বিএনপির নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের মুখে মুখে এখন একটাই আলোচনা—দেশের পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে দেখতে চান স্থানীয় কৃতিসন্তান ও বিএনপির শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে। এ নিয়ে পুরো জেলায় সাধারণ মানুষের মাঝে তৈরি হয়েছে তীব্র উৎসাহ ও উদ্দীপনা।গত কয়েক দিন ধরে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন হাট-বাজার, চায়ের দোকান ও রাজনৈতিক কার্যালয়গুলোতে প্রধান আলোচনার বিষয়বস্তু হয়ে উঠেছে এই বিষয়টি। স্থানীয়দের মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি দীর্ঘ সময় ধরে দেশের গণতন্ত্র পুনরুদ্ধার এবং মানুষের অধিকার আদায়ের আন্দোলনে এক অবিচল ও পরিচ্ছন্ন প্রতীক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। স্থানীয় বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তৃণমূল থেকে শুরু করে কেন্দ্র পর্যন্ত তাঁর দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সততা এবং আপসহীন নেতৃত্ব তাঁকে সাধারণ মানুষের হৃদয়ে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি—জাতীয় রাজনীতির এই প্রবীণ ও ক্ষণজন্মা রাজনীতিবিদ দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ অলংকৃত করুন।শহরের চৌরাস্তা এলাকার এক প্রবীণ বাসিন্দা বলেন, "মির্জা ফখরুল সাহেব সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকেছেন। তিনি রাষ্ট্রপতি হলে ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের আবেগ ও সম্মান আরও বহুগুণ বেড়ে যাবে। আমরা তাঁকে এই মর্যাদাপূর্ণ পদে দেখতে উন্মুখ হয়ে আছি।"রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো একজন পরিচ্ছন্ন ভাবমূর্তির রাজনীতিবিদ রাষ্ট্রপতির দায়িত্ব নিলে তা দেশের গণতান্ত্রিক ধারাবাহিকতা এবং সাংবিধানিক মর্যাদাকে আরও সুদৃঢ় করবে।এদিকে, এই গুঞ্জন ও জনআকাঙ্ক্ষাকে কেন্দ্র করে ঠাকুরগাঁও জেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যেও আনন্দ ও উল্লাস লক্ষ করা গেছে। জেলার বিভিন্ন স্থানে সাধারণ মানুষ ও কর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করিয়ে এই সম্ভাব্য প্রাপ্তির আগাম আনন্দ উদযাপন করছেন। এখন কেবল আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষা, যার মাধ্যমে ঠাকুরগাঁওবাসীর এই প্রাণের প্রত্যাশা বাস্তবে রূপ নেবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত