প্রিন্ট এর তারিখ : ১০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
ভেদভেদীতে পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্ত ১ হাজার পরিবারের মাঝে জেলা পরিষদের খাদ্য সহায়তা
সর্বজিৎ চাকমা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি ||
সাম্প্রতিক টানা বৃষ্টিপাত, পাহাড়ি ঢল ও আকস্মিক পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত রাঙামাটি পৌর এলাকার কর্মহীন ও অসহায় এক হাজার পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ বরাদ্দের আওতায় এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।রোববার (৯ আগস্ট) সকালে রাঙামাটি পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের ভেদভেদী বাজারসংলগ্ন কারখানা বিভাগ মাঠ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এ খাদ্য সহায়তা বিতরণ করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজমের সার্বিক তত্ত্বাবধানে এ কার্যক্রম পরিচালিত হয়।ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন রাঙামাটি পৌর বিএনপির সভাপতি শফিউল আজম শফি। এ সময় উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুল ইসলাম মিন্টু, সদস্য আনোয়ার আজিম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুল হক বাদশা, সাধারণ সম্পাদক সালাউদ্দিন রানা ছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে অসংখ্য পরিবার ঘরবাড়ি, আসবাবপত্র ও জীবিকার পথ হারিয়ে চরম সংকটে পড়েছে। এমন মানবিক বিপর্যয়ের সময়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সবার দায়িত্ব। কেবল ৬ নম্বর ওয়ার্ডেই নয়, পর্যায়ক্রমে রাঙামাটি পৌর এলাকার নয়টি ওয়ার্ডের সকল দুর্যোগকবলিত পরিবারের মাঝে ধারাবাহিকভাবে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হবে, যাতে কোনো অসহায় পরিবার সহায়তা থেকে বঞ্চিত না হয়।বিপুলসংখ্যক উপকারভোগীর উপস্থিতি সত্ত্বেও রাঙামাটি কোতোয়ালি থানা পুলিশের দায়িত্বশীল ভূমিকা ও সার্বিক নিরাপত্তায় খাদ্য সহায়তা বিতরণ কার্যক্রম সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা সারিবদ্ধভাবে নির্বিঘ্নে তাঁদের খাদ্যসামগ্রী গ্রহণ করেন।দুর্যোগের মধ্যে হঠাৎ খাদ্য সহায়তা পেয়ে স্বস্তি প্রকাশ করেন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। খাদ্য সংকটের মুহূর্তে পাশে দাঁড়ানোর জন্য তারা পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রতি কৃতজ্ঞতা জানান। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত বসতবাড়ি সংস্কার ও স্থায়ী পুনর্বাসনে দীর্ঘমেয়াদি সরকারি-বেসরকারি সহায়তা অব্যাহত রাখার আহ্বান জানান তারা।স্থানীয় সচেতন মহলের মতে, দুর্যোগের এমন সময়ে সময়োপযোগী মানবিক উদ্যোগ ক্ষতিগ্রস্ত মানুষের তাৎক্ষণিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি এ ধরনের সহায়তা দুর্গত পরিবারগুলোর মধ্যে পুনর্বাসন ও স্বাভাবিক জীবনে ফেরার ক্ষেত্রে নতুন আশার সঞ্চার করবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত