প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
৫৭ বিদ্যালয়ে এবার একজনও পাস করেনি
স্টাফ রিপোর্টার। ||
এবারের এসএসসি পরীক্ষায় দেশের নয়টি শিক্ষা বোর্ডের ৫৭টি বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি। গত বছর এমন বিদ্যালয়ের সংখ্যা ছিল ৪৮টি।সোমবার (১০ আগস্ট) শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন ফলাফল ঘোষণা করেন। প্রকাশিত ফলাফলে এ তথ্য জানা গেছে।ফলাফল অনুযায়ী, এবার এসএসসি পরীক্ষায় মোট ৬৪.০৫ শতাংশ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৭.৯১ শতাংশ এবং ছাত্রদের ৫৯.৭৩ শতাংশ। অন্যদিকে দাখিল পরীক্ষায় পাসের হার ৫৫.৪৯ শতাংশ।এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন।মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ফরম পূরণ করেছে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার জন্য ফরম পূরণ করেছে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী।এসএসসি ও সমমানের লিখিত পরীক্ষা শুরু হয় গত ২১ এপ্রিল। সাধারণ শিক্ষা বোর্ডগুলোর লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে দাখিল ও এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার লিখিত অংশ শেষ হয় ২৪ মে।সাধারণ নিয়ম অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে ফল প্রকাশ করা হয়। সে হিসাবে গত ২০ জুলাই ফল প্রকাশের কথা ছিল। তবে এবার নির্ধারিত সময়ের প্রায় তিন সপ্তাহ পর ফল প্রকাশ করা হয়েছে।ফল প্রকাশের পর আগামী ১১ থেকে ১৭ আগস্ট পর্যন্ত ফল পুনর্নিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করা যাবে। পুনর্নিরীক্ষণের আবেদন প্রক্রিয়া এবং সংশ্লিষ্ট নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হবে।
সূত্র: কালের কণ্ঠ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত