প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬
শেখ হাসিনা ও হাদি হত্যা মামলার আসামিদের ফেরত চায় বাংলাদেশ
স্টাফ রিপোর্টার। ||
মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরানোর প্রক্রিয়া দ্রুত শেষ করতে ভারতের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। একই সঙ্গে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি হত্যা মামলার আসামিদেরও বাংলাদেশে ফেরত পাঠানোর অনুরোধ করা হয়েছে।সোমবার (১০ আগস্ট) সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকে এসব অনুরোধ জানানো হয় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন।তিনি গণমাধ্যমকে বলেন, বৈঠকে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া দ্রুত করার প্রত্যাশা জানিয়েছে। পাশাপাশি শহীদ ওসমান হাদি হত্যাকাণ্ডে জড়িতদেরও বাংলাদেশে ফেরত দেওয়ার অনুরোধ পুনরায় জানানো হয়েছে।ছাত্র আন্দোলন দমনে প্রাণঘাতী দমন-পীড়নের নির্দেশ দেওয়ার অভিযোগে গত নভেম্বরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন। তার ভারতে অবস্থানকে কেন্দ্র করে ঢাকা ও নয়াদিল্লির সম্পর্কেও টানাপোড়েন তৈরি হয়েছে। শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠাতে ভারতকে একাধিকবার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ।তবে ভারতে নির্বাসনে থাকা শেখ হাসিনা রয়টার্সকে জানিয়েছেন, আগামী ডিসেম্বরের মধ্যে দেশে ফিরে আদালতে আত্মসমর্পণের পরিকল্পনা রয়েছে তার।অন্যদিকে, গত বছরের ডিসেম্বরে গুলিতে ওসমান হাদি নিহত হওয়ার প্রায় আড়াই মাস পর মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর হোসেন পশ্চিমবঙ্গে গ্রেপ্তার হন। এরপর থেকেই তাদের বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার জন্য ভারতকে অনুরোধ জানিয়ে আসছে ঢাকা।উপ-প্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন বলেন, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে প্রয়োজনীয় পরিবেশ তৈরির ওপর গুরুত্বারোপ করেছেন।শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, প্রধানমন্ত্রী ভারতের নতুন হাইকমিশনারকে স্বাগত জানিয়েছেন। একই সঙ্গে ঢাকায় গত দুই মাসের দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীকে জানান দীনেশ ত্রিবেদী।প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান দায়িত্ব নেওয়ার পর ভারতীয় হাইকমিশনারের সঙ্গে এটিই ছিল তার প্রথম সাক্ষাৎ। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির উপস্থিত ছিলেন।সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত