প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
মৃত্যুর দুই দিন পর এসএসসির ফল, শিহাব পেল গোল্ডেন জিপিএ-৫
স্টাফ রিপোর্টার। ||
এসএসসির ফল প্রকাশের দিনটি শিহাবের পরিবারের জন্য আনন্দের হওয়ার কথা ছিল। ছেলে ভালো ফল করবে—এমন প্রত্যাশায় ছিলেন তার বাবা-মা। কিন্তু ফল প্রকাশের মাত্র দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায় শিহাব। সোমবার প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফলে সে পেয়েছে গোল্ডেন জিপিএ-৫।শিহাবের এই সাফল্যের খবর পরিবারের জন্য আনন্দের চেয়ে বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। যে সন্তান নিজ হাতে ফলাফলের কথা জানিয়ে বাবা-মায়ের মুখে হাসি ফোটানোর কথা ছিল, সেই একমাত্র ছেলে এখন আর নেই। ঘরে পড়ে রয়েছে তার বই-খাতা, স্মৃতি এবং তাকে হারানোর অপূরণীয় শূন্যতা।নিহত শিহাব কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মানুরা গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে। চলতি বছর সে ঢাকার বিমানবন্দর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেয়।পরিবার ও স্থানীয় সূত্র জানায়, এসএসসির ফল প্রকাশের দুই দিন আগে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিহাবের মৃত্যু হয়। আকস্মিক এ ঘটনায় স্বজন ও এলাকাবাসীর মধ্যে শোক নেমে আসে। এর মধ্যেই সোমবার প্রকাশিত হয় এসএসসির ফল। এতে শিহাব গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে।শিহাবের ফলাফলের খবর পেয়ে স্বজন ও পরিচিতজনেরা তার কৃতিত্বে গর্বিত হলেও তার অকালমৃত্যুর বেদনা আরও তীব্র হয়েছে। সহপাঠীদের জন্যও দিনটি আনন্দ ও বিষাদের মিশ্র অনুভূতির হয়ে উঠেছে। ফল হাতে নিয়ে বন্ধুদের সঙ্গে সাফল্য ভাগ করে নেওয়ার কথা থাকলেও সেখানে এখন শিহাবের স্থানটি শূন্য।শিহাবের চাচা তাজুল ইসলাম জানান, চাকরির কারণে শিহাবের পরিবার ঢাকায় বসবাস করত। চাচার বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে তারা গ্রামের বাড়িতে এসেছিল। শিহাব ছিল বাবা-মায়ের একমাত্র ছেলে। তার দুটি ছোট বোন রয়েছে।শশীদল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান রিয়াদ বলেন, চাচার বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে এসে শিহাবের বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এর মধ্যে আজ এসএসসির ফল প্রকাশ হয়েছে এবং শিহাব গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। একমাত্র ছেলেকে হারিয়ে পরিবারটি এখন শোকে মুহ্যমান।উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন্নি ইসলাম বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তারা পরিবারের খোঁজখবর নিয়েছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে পরিবারটির পাশে থেকে তাদের সান্ত্বনা দেওয়ার জন্য বলা হয়েছে।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত