প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
শিক্ষক নিয়োগে এনটিআরসিএ বহালের দাবিতে বেরোবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
স্টাফ রিপোর্টার। ||
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মাধ্যমে নিয়োগ ব্যবস্থা চালু রাখার দাবিতে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করা হয়।‘শিক্ষার স্বার্থে ঐক্যবদ্ধ হই, অন্যায় সিদ্ধান্ত রুখে দিই’—এই স্লোগানকে সামনে রেখে শিক্ষার্থীরা মিছিল বের করেন। এ সময় তারা ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘শিক্ষক নিয়োগে দুর্নীতি চলবে না, চলবে না’, ‘কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’, ‘যোগ্যতার ভিত্তিতে চাকরি দে, নইলে গদি ছেড়ে দে’, ‘যোগ্যতা নিয়ে গড়িমসি চলবে না’, ‘মেধা নিয়ে গড়িমসি চলবে না’, ‘চাকরি আমার অধিকার, নিয়োগ হবে স্বচ্ছতার’ এবং ‘কোটা গেছে যে পথে, কমিটি যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দেন।পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য দেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থী মেহেদী হাসান, লোকপ্রশাসন বিভাগের সিদ্দিকুর রহমান, সমাজবিজ্ঞান বিভাগের আহসান হাবিব এবং ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের সানোয়ার হোসেন।সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ম্যানেজিং কমিটির মাধ্যমে শিক্ষক নিয়োগের সুযোগ তৈরি হলে নিয়োগে স্বচ্ছতা ও মেধার যথাযথ মূল্যায়ন বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের দাবি, অতীতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে অনিয়ম ও আর্থিক লেনদেনের অভিযোগও উঠেছে।ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সানোয়ার হোসেন বলেন, এই পদ্ধতির মাধ্যমে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে মেধাবীদের দূরে সরিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। এ সিদ্ধান্ত বাতিলের দাবিতে তারা আন্দোলন শুরু করেছেন। সিদ্ধান্ত প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান তিনি।বেরোবির শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, অতীতে শিক্ষাপ্রতিষ্ঠানে নিয়োগ পাওয়ার জন্য মানুষকে কমিটির পেছনে ঘুরতে হয়েছে এবং টাকা দিতে হয়েছে। তারা সেই পরিস্থিতি আবার ফিরে আসতে দিতে চান না। তার দাবি, দ্রুত এ সিদ্ধান্ত প্রত্যাহার করে এনটিআরসিএর মাধ্যমে স্বচ্ছ নিয়োগ ব্যবস্থা বহাল করতে হবে। অন্যথায় শিক্ষার্থীরা আন্দোলনে নামতে বাধ্য হবেন।দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন শিক্ষার্থীরা।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত