প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
জুলাই ছাত্র হত্যা মামলার আসামিদের কাছ থেকে ফুল নিলেন ইউএনও
স্টাফ রিপোর্টার। ||
কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুন্নি ইসলামকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যা ও আহতসহ একাধিক মামলার আসামিরা। সোমবার বিকেলে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ ঘটনার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ব্যক্তিদের মধ্যে রয়েছেন উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি ও আওয়ামী লীগ সদস্য মনির চৌধুরী, শশীদল ইউনিয়ন যুবলীগ নেতা আতিকুল ইসলাম রিয়াদ, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফরিদ উদ্দিন এবং সিদলাই ইউনিয়ন নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি সাইফুল ইসলাম আলাউল।ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর প্রশ্ন উঠেছে, জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতা হত্যার মামলার আসামিদের কাছ থেকে একজন সরকারি কর্মকর্তা কীভাবে ফুলেল শুভেচ্ছা গ্রহণ করলেন।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লার আহ্বায়ক আবু রায়হান বলেন, জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নেওয়া ব্যক্তিদের কাছ থেকে সরকারি কর্মকর্তাদের ফুল গ্রহণ করা শহীদদের সঙ্গে প্রতারণার শামিল।ফুল দেওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান রিপন। তিনি ‘আমার দেশ’কে বলেন, আওয়ামী লীগের নেতারা ইউএনওকে ফুল দিয়েছেন এবং তিনি তা গ্রহণ করেছেন। কেন তিনি ফুল গ্রহণ করেছেন, সে বিষয়ে ইউএনও নিজেই ব্যাখ্যা দেবেন।উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমির হোসেন বলেন, তিনি ফেসবুকে এমন একটি ছবি দেখেছেন। যারা ফুল দিয়েছেন, তারা একাধিক মামলার আসামি এবং জুলাই গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন। ইউএনও কেন তাদের কাছ থেকে ফুল গ্রহণ করেছেন, সেই প্রশ্ন তার কাছেই করা উচিত।তবে এ বিষয়ে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন ইউএনও মুন্নি ইসলাম। তিনি বলেন, তিনি এখানে নতুন যোগ দিয়েছেন। কে আওয়ামী লীগ করেন আর কে বিএনপি করেন, তা তিনি জানেন না। ভবিষ্যতে এ ধরনের বিষয়ে তিনি আরও সতর্ক থাকবেন।এ বিষয়ে ফুল দেওয়া একাধিক আওয়ামী লীগ নেতার সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা ফোন রিসিভ করেননি।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত