প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় রদবদলের সম্ভাবনা, ভারপ্রাপ্ত মহাসচিব কে?
স্টাফ রিপোর্টার। ||
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হতে যাচ্ছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন (এলজিআরডি) এবং সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর—এমনটাই প্রায় নিশ্চিত বলে জানা গেছে। তিনি রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভাতেও পরিবর্তন আসতে পারে।মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি পদে বিএনপির চূড়ান্ত প্রার্থী হলে তাকে দলীয় পদ ও সংসদ সদস্যপদ ছাড়তে হবে। ফলে বিএনপির চেয়ারম্যানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ সাংগঠনিক পদ মহাসচিবের দায়িত্ব কে পাবেন, তা নিয়ে দলের মধ্যে আলোচনা শুরু হয়েছে।দলীয় নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে জানা গেছে, জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার আগ পর্যন্ত স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অথবা জ্যেষ্ঠ যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব দেওয়া হতে পারে।মির্জা ফখরুল দেশের পরবর্তী রাষ্ট্রপতি হলে মন্ত্রিসভায় সম্ভাব্য পরিবর্তন ও দপ্তর পুনর্বণ্টন নিয়েও বিএনপি এবং সরকারের ভেতরে নানা হিসাব-নিকাশ চলছে। এসব আলোচনায় স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব সালাহউদ্দিন আহমদের হাতে যাওয়ার সম্ভাবনার কথা শোনা যাচ্ছে।তবে বিকল্প হিসেবে বর্তমান স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমকে পুরো মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে। সূত্রমতে, সরকার গঠনের শুরুতেই স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন সালাহউদ্দিন আহমদ।সূত্র জানায়, সালাহউদ্দিন আহমদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে গেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বর্তমান পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির কাছে যেতে পারে। একই সঙ্গে নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নামও দলের অভ্যন্তরীণ আলোচনায় রয়েছে।শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব নিলে পানিসম্পদ মন্ত্রণালয়ে অন্য কোনো গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের মন্ত্রীকে আনার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি টেকনোক্র্যাট কোটায় রুহুল কবির রিজভীকে ওই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে।এ ছাড়া দপ্তর পরিবর্তনের মাধ্যমে অন্য কোনো মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা একজন মন্ত্রীকে পানিসম্পদ মন্ত্রণালয়ে আনা হতে পারে। একইভাবে আরেকজন মন্ত্রীকে তার বর্তমান মন্ত্রণালয় থেকে সরিয়ে খালি হওয়া অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়ার সম্ভাবনাও রয়েছে।এদিকে মন্ত্রিসভায় নতুন করে আরও দুই থেকে তিনজনকে যুক্ত করার সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। তবে দপ্তর পুনর্বণ্টন এবং নতুন মুখ অন্তর্ভুক্তির বিষয়গুলো এখনো সম্ভাবনার পর্যায়ে রয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের সিদ্ধান্তের ওপর।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত