প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
প্রায় তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ
ডেক্স রিপোর্ট। ||
রামাল্লায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট জিবরিল রাজউব জানিয়েছেন, আগামী ৪ সেপ্টেম্বর থেকে দেশটির ক্রীড়া কার্যক্রম ও ফুটবল অ্যাসোসিয়েশনের লিগ পুনরায় শুরু হবে।২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে হামলা চালানোর পর যুদ্ধ শুরু হয়। এরপর ফিলিস্তিনের পেশাদার ফুটবলসহ অন্যান্য সব ক্রীড়া লিগের কার্যক্রম বন্ধ হয়ে যায়।অ্যাসোসিয়েশন প্রথম যে টুর্নামেন্ট আয়োজন করতে যাচ্ছে, সেটির নাম রাখা হয়েছে ‘থাউজেন্ড মার্টায়ার্স কাপ’। অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, যুদ্ধে ইসরায়েলি হামলায় ১ হাজার ১৪ জন ফিলিস্তিনি ক্রীড়াবিদ নিহত হয়েছেন। তাদের স্মরণেই টুর্নামেন্টটির এমন নাম দেওয়া হয়েছে।এই প্রতিযোগিতায় দুই শতাধিক ক্লাব অংশ নেবে। এর মধ্যে ইসরায়েল দখলকৃত পশ্চিম তীরের ১৪৬টি ক্লাব, গাজার ৪৪টি ক্লাব এবং লেবাননে থাকা ফিলিস্তিনি শরণার্থী শিবিরের ৩৬টি ক্লাব অংশগ্রহণ করবে। তিনটি অঞ্চলেই একই সময়ে টুর্নামেন্টটি শুরু হবে।রাজউব বলেন, যুদ্ধের কারণে সব ফিলিস্তিনির জন্য কঠিন পরিস্থিতি তৈরি হয়েছে। এর প্রভাব পড়েছে ক্রীড়া প্রতিযোগিতা ও কার্যক্রমেও। তবে ফিলিস্তিনিরা তাদের জাতীয় ইচ্ছাশক্তি হারাননি এবং খেলাধুলাকে আশা ও জীবনের প্রতীক হিসেবে ধরে রাখার বিশ্বাসও হারাননি।তিনি জানান, ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন ও দেশটির ক্লাবগুলো বর্তমানে কঠিন আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এ অবস্থায় ফিফা ও অন্যান্য ফেডারেশনকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি। একই সঙ্গে খেলোয়াড়, ক্লাব ও শিশুদের ‘স্বাধীনতা এবং মর্যাদার’ সঙ্গে খেলাধুলা উপভোগের অধিকার নিশ্চিত করার আহ্বান জানান।এর আগে ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোর প্রত্যাহার করা একটি পরিকল্পনা নিয়ে বিবৃতি দিয়েছিল ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন। ওই পরিকল্পনায় বেসরকারি বিনিয়োগকারীদের জন্য টুর্নামেন্ট উন্মুক্ত করার কথা বলা হয়েছিল। বিবৃতিতে অ্যাসোসিয়েশন প্রশ্ন তোলে, ফিফার বাণিজ্যিক দিকনির্দেশনা নিয়ে এখন অনেকেই প্রশ্ন তুলছেন।বিবৃতিতে আরও বলা হয়, ফিলিস্তিনের ক্ষেত্রে বিষয়টি আরও মৌলিক। তাদের প্রশ্ন, রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে ফিফা কি এখনো সবার ক্ষেত্রে সমানভাবে নিয়ম প্রয়োগ করার সাহস রাখে?অ্যাসোসিয়েশন ফিফার কাছে পশ্চিম তীরে ইসরায়েলি বসতিতে পরিচালিত ক্লাবগুলোর বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের দাবি জানিয়েছে। পাশাপাশি গাজায় ইসরায়েলের আচরণের কারণে দেশটির ফিফা সদস্যপদ স্থগিত করার দাবিও জানানো হয়েছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী পশ্চিম তীরে ইসরায়েলি বসতিগুলো অবৈধ।রাজউব বলেন, তারা কোনো বিশেষ সুবিধা দাবি করছেন না। আন্তর্জাতিক ক্রীড়া আইন ও সনদের মাধ্যমে নিশ্চিত করা বৈধ অধিকারই তারা চান।
সূত্র: যুগান্তর।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত