প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
ঠাকুরগাঁওয়ে ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার
মোঃ তোফাজ্জল হোসেন , জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও) ||
মাদকদ্রব্যের করাল গ্রাসে ধীরে ধীরে বিপর্যস্ত হয়ে পড়ছে জনপদ। নিষিদ্ধ ও নিয়ন্ত্রণাধীন ব্যথানাশক ট্যাবলেটের অপব্যবহার রোধে কঠোর অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই ধারাবাহিকতায় ঠাকুরগাঁওয়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ১১০ পিস টাপেন্টাডল ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ২২ হাজার ৬২০ টাকাসহ মো. জামাল উদ্দীন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। আজ মঙ্গলবার (১১ আগস্ট) ডিএনসি ঠাকুরগাঁও জেলা কার্যালয়ের একটি বিশেষ টিম এই অভিযান পরিচালনা করে। গ্রেপ্তারকৃত জামাল উদ্দীন সদর উপজেলার ভূল্লী থানার বালিয়া ইউনিয়নের সিংগিয়া গ্রামের মৃত সোহরাব আলীর ছেলে। গোয়েন্দা সূত্র জানায়, দীর্ঘদিন ধরে একটি চক্র চিকিৎসকের প্রেসক্রিপশন ছাড়া অত্যন্ত সংবেদনশীল ও কড়া নেশাজাতীয় টাপেন্টাডল ট্যাবলেট অবৈধভাবে খুচরা ও পাইকারি মূল্যে এলাকায় বিক্রি করে আসছে। তরুণ প্রজন্ম ও যুবসমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে ডিএনসি এই চক্রের ওপর নজরদারি বাড়িয়েছিল। তারই অংশ হিসেবে আজ দুপুরে সিংগিয়া এলাকায় অভিযান চালিয়ে হাতেনাতে মাদকসহ ওই কারবারিকে আটক করা হয়। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, টাপেন্টাডল একটি শক্তিশালী সিনথেটিক অপিয়েট অ্যানালজেসিক, যা মূলত তীব্র ব্যথার চিকিৎসায় ব্যবহৃত হয়। তবে বর্তমানে এটি কড়া নেশার বিকল্প হিসেবে যুবসমাজ ব্যাপকভাবে অপব্যবহার করছে, যা মানবদেহের স্নায়ুতন্ত্রের জন্য অত্যন্ত মারাত্মক। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। মাদকের এই ভয়াল থাবা থেকে সমাজকে রক্ষা করতে স্থানীয় সচেতন মহল ও প্রশাসনকে আরও কঠোর ভূমিকা পালনের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত