প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
নওগাঁর পোরশায় এসএসসি ও সমমানের ফল বিপর্যয়: হতাশায় শিক্ষার্থী ও অভিভাবকরা
মোঃ আতাহার আলী , জেলা প্রতিনিধি নওগা ||
নওগাঁর পোরশা উপজেলায় চলতি বছরের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে চরম হতাশা ও উদ্বেগ বিরাজ করছে। বিগত বছরগুলোর তুলনায় এবার পাসের হার ও জিপিএ-৫ পাওয়ার সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় এলাকাবাসীর কপালে চিন্তার ভাঁজ পড়েছে।উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার ফলাফল পর্যালোচনা করে দেখা গেছে, কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে ব্যর্থ হয়েছে বেশিরভাগ প্রতিষ্ঠান। বিশেষ করে ইংরেজি ও গণিত বিষয়ে শিক্ষার্থীদের পাসের হার সবচেয়ে কম, যা সামগ্রিক ফলাফলকে মারাত্মকভাবে পেছনের দিকে টেনে দিয়েছে। উপজেলার ঐতিহ্যবাহী ও শীর্ষস্থানীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও এবার আশানুরূপ সাফল্য আসেনি।ফল বিপর্যয়ের এই ঘটনায় ক্ষোভ ও উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবকরা। তাদের মতে, দীর্ঘদিন ধরে কোচিং নির্ভরতা, নিয়মিত ক্লাস না হওয়া এবং পাঠদানে মনিটরিংয়ের অভাবের কারণে শিক্ষার মান দিন দিন নিম্নমুখী হচ্ছে। অনেক অভিভাবক জানান, সন্তানরা সারা বছর পড়াশোনা করলেও খাতা মূল্যায়ন কিংবা পরীক্ষার ফল তাদের কঠোর পরিশ্রমের সাথে মিলছে না।এদিকে, অনাকাঙ্ক্ষিত এই ফলাফলের কারণে শিক্ষার্থীরা মানসিকভাবে ভেঙে পড়েছে। অনেক মেধাবী শিক্ষার্থীও কাঙ্ক্ষিত জিপিএ-৫ বা ভালো গ্রেড না পাওয়ায় উচ্চ মাধ্যমিকে ভালো কলেজে ভর্তির সুযোগ নিয়ে শঙ্কায় রয়েছে।
শিক্ষা সংশ্লিষ্টরা বলছেন, এই ফল বিপর্যয় কেন হলো—তা খতিয়ে দেখতে হবে। শিক্ষক, অভিভাবক ও শিক্ষা প্রশাসনের যৌথ উদ্যোগে প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্বল বিষয়গুলোতে বিশেষ গুরুত্ব দিয়ে পাঠদান নিশ্চিত করতে হবে, যাতে আগামীতে এই উপজেলার শিক্ষার্থীরা তাদের হৃত গৌরব পুনরুদ্ধার করতে পারে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত