প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
দীর্ঘ বিরতির পর সামাজিক মাধ্যমে ফিরলেন সোলায়মান সুখন, পোস্ট করেই মুছে দিলেন
স্টাফ রিপোর্টার। ||
দীর্ঘ সময় নীরব থাকার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আবারও দেখা মিলেছে মোটিভেশনাল স্পিকার, করপোরেট ব্যক্তিত্ব ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সোলায়মান সুখনের। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দুই বছর আগে সামাজিক মাধ্যমে অনেকটাই নীরব হয়ে গিয়েছিলেন তিনি। এরপর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তাকে আর জনসম্মুখেও দেখা যায়নি। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার কোনো সক্রিয়তা ছিল না।সোলায়মান সুখনের সর্বশেষ ফেসবুক পোস্ট ছিল ২০২৪ সালের ১৩ জুলাই। মঙ্গলবার (১১ আগস্ট) প্রায় ২৫ মাস পর তার ফেসবুক পেজে আবার একটি পোস্ট দেখা যায়। সেখানে ইউটিউবের একটি ভিডিওর লিংক শেয়ার করা হয়। পোস্টটির সঙ্গে লেখা ছিল—‘নিউক্লিয়ার ইজ দ্য ফিউচার’।সোলায়মান সুখনের শেয়ার করা ভিডিওটিতে বিশ্বব্যাপী বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য জ্বালানি ও পারমাণবিক শক্তির ক্রমবর্ধমান গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। ভিডিওটির মূল বক্তব্যে উঠে এসেছে কয়েকটি বিষয়।ভিডিওতে বলা হয়েছে, বিশ্বে প্রথমবারের মতো নবায়নযোগ্য ও পারমাণবিক শক্তি মিলিতভাবে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কয়লাকে ছাড়িয়ে গেছে। বর্তমানে বৈশ্বিক বিদ্যুৎ উৎপাদনের ৩৪ শতাংশ কয়লা থেকে এবং একই পরিমাণ অর্থাৎ ৩৪ শতাংশ নবায়নযোগ্য উৎস থেকে আসে। এ ছাড়া পারমাণবিক শক্তি থেকে উৎপাদিত হচ্ছে ৯ শতাংশ বিদ্যুৎ।বিশ্বে বর্তমানে প্রায় ৪৪০টি বাণিজ্যিক পারমাণবিক চুল্লি চালু রয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্রে ৯৪টি, ফ্রান্সে ৫৭টি এবং চীনে প্রায় ৬৩টি চুল্লি রয়েছে। আরও ৮০টি পারমাণবিক চুল্লি নির্মাণাধীন এবং ১০০টির বেশি চুল্লি নির্মাণের পরিকল্পনায় রয়েছে।ভিডিওতে আরও উল্লেখ করা হয়েছে, জীবাশ্ম জ্বালানির তুলনায় পরিচ্ছন্ন জ্বালানি খাতে বিনিয়োগের পরিমাণ বেশি। জীবাশ্ম জ্বালানি খাতে যেখানে ১ দশমিক ২ ট্রিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে, সেখানে নবায়নযোগ্য ও পারমাণবিক শক্তি খাতে সম্মিলিত বিনিয়োগের পরিমাণ ২ ট্রিলিয়ন ডলারেরও বেশি।ভূ-রাজনৈতিক সংকট এবং জ্বালানির দাম বৃদ্ধির প্রেক্ষাপটে পারমাণবিক শক্তি নিয়ে দীর্ঘদিনের নেতিবাচক ধারণায় পরিবর্তন আসছে বলেও ভিডিওটিতে তুলে ধরা হয়েছে। এরই মধ্যে বিভিন্ন দেশ নতুন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করছে। পাশাপাশি পুরোনো বিদ্যুৎকেন্দ্রগুলো আবার চালুর পরিকল্পনাও করছে অনেক দেশ।তবে সোলায়মান সুখনের ফেসবুক পেজে পোস্টটি প্রকাশের কিছুক্ষণ পরই ‘নিউক্লিয়ার ইজ দ্য ফিউচার’ লেখা ইউটিউব ভিডিওর লিংকটি মুছে দেওয়া হয়।এদিকে সোলায়মান সুখনের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, জুলাই বিপ্লবের সময় আওয়ামী লীগ সরকারের সঙ্গে মিলে ছাত্র আন্দোলন দমনের বিষয়ে তিনি পরিকল্পনা করেছিলেন। আন্দোলনের সময় জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরদের চাপ দিয়ে স্ক্রিপ্টেড ভিডিও তৈরি করানোর হুমকি দেওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর বিনিময়ে তাদের লাখ টাকা দেওয়ার প্রলোভন দেখানো হয়েছিল বলেও অভিযোগ রয়েছে।সোলায়মান সুখনের বিরুদ্ধে এমন আরও বিভিন্ন অভিযোগ রয়েছে। একইভাবে ইনফ্লুয়েন্সার তৌহিদ আফ্রিদির বিরুদ্ধেও সরকারের পক্ষে প্রচারণায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে।উল্লেখ্য, সোলায়মান সুখন সর্বশেষ মোবাইল আর্থিক সেবা প্রতিষ্ঠান ‘নগদ’-এর চিফ পাবলিক রিলেশন বিভাগের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে তাকে আর জনসম্মুখে দেখা যায়নি।
সূত্র: দৈনিক ইত্তেফাক।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত