প্রিন্ট এর তারিখ : ১১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
মোকামতলায় ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি কর্মসূচিতে চারা বিতরণ
আবু হাসান , উপজেলা প্রতিনিধি মোকামতলা ||
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যার প্রতি সচেতনতা গড়ে তুলতে বগুড়ার নবগঠিত মোকামতলা উপজেলায় অনুষ্ঠিত হয়েছে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় চারা গাছ বিতরণ অনুষ্ঠান।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব জিয়াউর রহমান। অনুষ্ঠানের উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমের জ্যেষ্ঠ পুত্র এবং শিবগঞ্জ-মোকামতলা উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের কর্মকর্তাসহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।বক্তারা বলেন, বাংলাদেশকে সবুজ-শ্যামল ও পরিবেশবান্ধব দেশ হিসেবে গড়ে তুলতে ব্যাপকভাবে বৃক্ষরোপণ ও বৃক্ষ পরিচর্যার বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে দেশের প্রতিটি জেলা, উপজেলা ও প্রত্যন্ত এলাকায় এমন উদ্যোগ ছড়িয়ে দেওয়া প্রয়োজন।তারা আরও বলেন, শুধু গাছ লাগালেই হবে না; গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই গাছের প্রতি দায়িত্বশীল করে তুলতে পারলে ভবিষ্যতে তারা পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচির আওতায় শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির চারা গাছ তুলে দেওয়া হয়। পাশাপাশি প্রতিটি গাছের পরিচর্যার জন্য শিক্ষার্থীদের ১০০ টাকা করে প্রদান করা হয়, যাতে তারা নিজ নিজ গাছের নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণে উৎসাহিত হয়।অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ, জাতি ও পরিবেশের কল্যাণ কামনা করে উপস্থিত অতিথি ও আয়োজকদের দীর্ঘায়ু, সুস্থতা এবং সাফল্য কামনা করা হয়। পরে চারা বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত