প্রিন্ট এর তারিখ : ১২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬
ভাঙনের আতঙ্কে শিকারপুর, নদীপাড়ের মানুষের পাশে এমপি ইলিয়াস মোল্লা
এস এম সাহান , জেলা প্রতিনিধি ফরিদপুর ||
মধুমতি নদীর ভাঙনের আতঙ্কে থাকা নদীপাড়ের মানুষের পাশে দাঁড়াতে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার টগরবন্দ ইউনিয়নের শিকারপুর এলাকা পরিদর্শন করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা।মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে তিনি সরেজমিনে নদীভাঙন পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় নদীর তীরবর্তী বিভিন্ন এলাকা ঘুরে দেখার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের দুর্ভোগ ও ভাঙনের বর্তমান পরিস্থিতির কথা শোনেন।স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মধুমতি নদীর ভাঙনে শিকারপুর এলাকার বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা হুমকির মুখে রয়েছে। নদীর তীর রক্ষায় ইতোমধ্যে জিও ব্যাগ ফেলা হলেও ভাঙন পুরোপুরি বন্ধ হয়নি বলে জানান তাঁরা। দ্রুত কার্যকর ও স্থায়ী ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা।পরিদর্শনকালে এমপি ড. মো. ইলিয়াস মোল্লা বলেন, নদীভাঙনের কারণে মানুষের বসতভিটা ও ফসলি জমি হুমকির মুখে পড়া অত্যন্ত উদ্বেগের বিষয়। ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। নদীপাড়ের মানুষের নিরাপত্তা ও ক্ষয়ক্ষতি কমাতে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।তিনি আরও বলেন, নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও ঝুঁকিতে থাকা মানুষের পাশে তিনি থাকবেন এবং ভাঙন প্রতিরোধে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণে সহযোগিতা করবেন।এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁদের দীর্ঘদিনের দুর্ভোগ ও নদীভাঙনের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। তাঁদের আশঙ্কা, দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়া না হলে ভাঙনে বসতভিটা ও ফসলি জমিসহ গুরুত্বপূর্ণ স্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. কামাল হুসাইন, উপজেলা সেক্রেটারি এস এম হাফিজুর রহমান, উপজেলা চেয়ারম্যান প্রার্থী ও নায়েবে আমির এস এম রিদওয়ানুন্নবী, উপজেলা যুব বিভাগের সভাপতি মো. মনিরুজ্জামান, শ্রমিক বিভাগের সভাপতি এস এম জিয়াউল হাসান এবং ছাত্রশিবিরের দায়িত্বশীল মো. জাবেদ হোসেনসহ স্থানীয় নেতাকর্মী ও এলাকাবাসী।
এমপি ইলিয়াস মোল্লার সরেজমিন পরিদর্শনে নদীভাঙনকবলিত শিকারপুরের স্থানীয় বাসিন্দাদের মধ্যে আশার সঞ্চার হয়েছে। দ্রুত কার্যকর উদ্যোগের মাধ্যমে নদীভাঙন রোধ, বসতভিটা ও ফসলি জমি রক্ষা এবং নদীপাড়ের মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে এমন প্রত্যাশা তাঁদের।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত