প্রিন্ট এর তারিখ : ১২ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬
ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর
স্টাফ রিপোর্টার। ||
চট্টগ্রামের হাটহাজারী থানায় দায়ের করা চাঁদাবাজি মামলায় শীর্ষ সন্ত্রাসী মোবারক হোসেন ইমন ওরফে ডেভিড ইমনের আরও পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার শুনানি শেষে চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট লোকমান হাকিম এ আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, হাটহাজারী থানার ওই চাঁদাবাজি মামলায় ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে গত ২ আগস্ট একই মামলায় চট্টগ্রাম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোতাসিম বিল্লাহ তার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন।চট্টগ্রাম জেলা কোর্ট পরিদর্শক হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, হাটহাজারী থানার চাঁদাবাজি মামলায় আসামি ডেভিড ইমনের সাত দিনের রিমান্ড চাওয়া হয়েছিল। শুনানি শেষে আদালত পাঁচ দিনের রিমান্ড অনুমোদন করেছেন।গত ২৯ জুলাই যশোরের কোতোয়ালি থানার ঝুমঝুমপুর এলাকা থেকে ডেভিড ইমনসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। জেলা পুলিশ জানিয়েছে, গত ১৩ জুন পাহাড়তলী এলাকায় মাকসুদুল হক চৌধুরী হত্যা মামলার তদন্তে পাওয়া তথ্য এবং ধারাবাহিক গোয়েন্দা কার্যক্রমের মাধ্যমে ডেভিড ইমনের অবস্থান শনাক্ত করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ৩০ জুলাই ভোরে ফটিকছড়ির কাঞ্চননগর ইউনিয়নের মানিকপুর এলাকায় একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় সেখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি দেশীয় এলজি ও অন্যান্য অস্ত্র উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।পুলিশের তথ্য অনুযায়ী, ডেভিড ইমনের বিরুদ্ধে চট্টগ্রাম নগর ও জেলার বিভিন্ন থানায় হত্যা, অস্ত্র ও চাঁদাবাজিসহ মোট ১৩টি মামলা রয়েছে। এ ছাড়া একাধিক হত্যাকাণ্ডে তার সম্পৃক্ততার বিষয়েও তদন্ত চলমান রয়েছে।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত