প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন ২৫ কোম্পানির আলোচনা ফলপ্রসূ
স্টাফ রিপোর্টার। ||
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ২৫টি কোম্পানির প্রতিনিধিদের বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ড. মাহদী আমিন। তিনি বলেন, বৈঠকে কার্যকর আলোচনা হয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎকে স্বনির্ভর ও সমৃদ্ধ দেশ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করা হচ্ছে।বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান তিনি।বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বিজনেস কাউন্সিলের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও এক্সিলারেট এনার্জির চিফ কমার্শিয়াল অফিসার অলিভার সিম্পসন এবং ইউএস চেম্বার অব কমার্সের দক্ষিণ এশিয়ার সভাপতি অতুল কেশপ।বৈঠকে সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস, নিশা দেশাইসহ কূটনীতিক ও বিজনেস কাউন্সিলের সদস্যরা উপস্থিত ছিলেন।এর আগে বুধবার (১২ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের প্রতিনিধি দলের সদস্যরা।
সূত্র: আমার দেশ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত