প্রিন্ট এর তারিখ : ১৩ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলের মনোনয়ন: ঠাকুরগাঁওজুড়ে আনন্দের জোয়ার, সাধারণ মানুষের প্রত্যাশা পূরণ
মোঃ তোফাজ্জল হোসেন , জেলা প্রতিনিধি (ঠাকুরগাঁও) ||
রাষ্ট্রপতি পদে দেশের অন্যতম শীর্ষ রাজনৈতিক ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষিত হওয়ার পর থেকেই তাঁর নিজ জেলা ঠাকুরগাঁওয়ে বইছে আনন্দের জোয়ার। তাঁর এই মর্যাদাপূর্ণ মনোনয়ন প্রাপ্তিতে জেলা বিএনপি, অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের সাধারণ মানুষের দীর্ঘদিনের রাজনৈতিক প্রত্যাশা পূরণ হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। দলীয় ভাবে রাষ্ট্রপতি পদে তাঁর নাম ঘোষণার খবর ঠাকুরগাঁওয়ে পৌঁছানোর সঙ্গে সঙ্গেই জেলাজুড়ে সাধারণ মানুষের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা ছড়িয়ে পড়ে। খবর শুনে শহরের চৌরাস্তাসহ বিভিন্ন জনপদে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ একে অপরকে মিষ্টিমুখ করান। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুধু ঠাকুরগাঁওয়ের মাটি ও মানুষের নেতাই নন, তিনি দীর্ঘকাল ধরে দেশের গণতান্ত্রিক আন্দোলন ও মানুষের অধিকার আদায়ের সংগ্রামের এক অবিসংবাদিত প্রতীক। তাঁর সততা, ত্যাগ এবং পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব তাঁকে সবসময় সাধারণ মানুষের খুব কাছাকাছি রেখেছে। রাষ্ট্রপতির মতো একটি গুরুত্বপূর্ণ ও সাংবিধানিক পদে তাঁর নাম আসার খবরে ঠাকুরগাঁওবাসীর দীর্ঘদিনের সুপ্ত আশা ও আবেগ বাস্তবে রূপ নিয়েছে। জেলা বিএনপির একাধিক জ্যেষ্ঠ নেতা জানান, "মির্জা ফখরুল ইসলাম আলমগীর সারাজীবন দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার ও কল্যাণের জন্য নিবেদিতপ্রাণ হয়ে কাজ করেছেন। তাঁর এই মনোনয়ন সমগ্র ঠাকুরগাঁওবাসীর জন্য অত্যন্ত গৌরবের ও সম্মানের। আমরা মনে করি, তাঁর মতো একজন দূরদর্শী ও গ্রহণযোগ্য ব্যক্তিত্ব রাষ্ট্রপতির দায়িত্ব পেলে দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো আরও বেশি শক্তিশালী হবে।" সাধারণ ভোটার ও পথচারীরাও এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ফখরুল সাহেব সবসময় এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন। আজ দেশের সর্বোচ্চ পদে তাঁর মনোনয়ন পাওয়ার খবরে পুরো ঠাকুরগাঁওবাসী নিজেদের সম্মানিত বোধ করছে। এদিকে, আনন্দঘন এই পরিস্থিতিতে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে আনন্দ উৎসব উদযাপনের জন্য স্থানীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে জেলা বিএনপি নেতৃত্ব। সবমিলিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই রাষ্ট্রীয় মনোনয়নপ্রাপ্তি ঠাকুরগাঁওয়ের রাজনৈতিক অঙ্গনে এক ঐতিহাসিক ও আনন্দের দিন হিসেবে চিহ্নিত হয়ে রইল।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত