প্রিন্ট এর তারিখ : ১৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬
শপিংমল-দোকানপাট বন্ধের সময় এক ঘণ্টা কমাল সরকার
স্টাফ রিপোর্টার। ||
বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনা কার্যক্রমের অংশ হিসেবে দেশের সব শপিংমল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দিয়েছে সরকার। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করতে এবং আলোকসজ্জা পুরোপুরি বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।বুধবার (১২ আগস্ট) রাতে বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা একটি স্মারকে এসব নির্দেশনা জানানো হয়।স্মারকে বলা হয়েছে, ১২ আগস্ট থেকে দেশের বিভিন্ন শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে।এর আগে গত ১১ জুন জারি করা সরকারি নির্দেশনা অনুযায়ী, এসব প্রতিষ্ঠান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার অনুমতি ছিল। নতুন সিদ্ধান্তে আগের সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হয়েছে।নির্দেশনায় আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন স্থানে চলমান ও অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানও এই সময়সীমার আওতায় থাকবে। এসব আয়োজন রাত ৮টার মধ্যে শেষ করতে হবে। তবে খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ সংশ্লিষ্ট জরুরি সেবা এই নির্দেশনার বাইরে থাকবে।বিদ্যুৎ বিভাগের উপসচিব মো. মামুন ভূঁইয়ার স্বাক্ষর করা ওই স্মারকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে।সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শপিংমল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত পরিচালনা করতে হবে। পাশাপাশি সন্ধ্যা ৭টার মধ্যে সব আলোকিত বিলবোর্ড বন্ধ, আলোকসজ্জা বন্ধ রাখা এবং মেলা, বাণিজ্য মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান রাত ৮টার মধ্যে শেষ করার ব্যবস্থা নিতে হবে।
সূত্র: যুগান্তর
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত