প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ আগস্ট ২০২৬
কড়াপুরে 'আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬'-এর শুভ উদ্বোধন
মুহাদ ইয়াসিনুর রহমান আজাদী ||
তরুণ ও যুবসমাজকে মাদকমুক্ত রেখে সুস্থ ধারার ক্রীড়া সংস্কৃতিতে উদ্বুদ্ধ করার লক্ষ্যে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে "আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৬"-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন জনাব অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ার, এমপি। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "যুবসমাজকে চরিত্রবান ও মাদকমুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে ক্রীড়াঙ্গনের অবদান অপরিসীম। ক্রীড়ানুরাগী মরহুম আরাফাত রহমান কোকো দেশের ক্রীড়া উন্নয়নে যে ভূমিকা রেখে গেছেন, তা চিরস্মরণীয়। এই টুর্নামেন্টের মাধ্যমে স্থানীয় উদীয়মান খেলোয়াড়দের মাঝে নতুন উদ্দীপনা সৃষ্টি হবে।"অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সদর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব নুরুল আমিন এবং সদস্য সচিব সাইফুল ইসলাম আব্বাসসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দ।টুর্নামেন্টের উদ্বোধনী সভায় সভাপতিত্ব করেন রায়পাশা-কড়াপুর ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মনিরুজ্জামান।উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে মাঠে হাজারো ক্রীড়ামোদী দর্শকের ঢল নামে। আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, টুর্নামেন্টের প্রতিটি ম্যাচ সুন্দর ও শৃঙ্খল পরিবেশে সম্পন্ন করতে সব ধরনের প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত