প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
সরকারি বিভিন্ন পদে দলীয় লোক নিয়োগ দেওয়া হচ্ছে: গোলাম পরওয়ার
স্টাফ রিপোর্টার। ||
জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র সংস্কার নিয়ে যে প্রত্যাশা তৈরি হয়েছে, তা শুধু সরকার বা রাজনৈতিক দলের ওপর ছেড়ে না দিয়ে তরুণদেরই এর পাহারাদারের ভূমিকা পালন করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শুক্রবার সকালে খুলনা মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের আয়োজনে অনুষ্ঠিত যুব সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।মিয়া গোলাম পরওয়ার বলেন, নিজের দেওয়া ভোটের একটি অংশ গ্রহণ করে অন্য অংশ প্রত্যাখ্যান করার সুযোগ নেই। একই মায়ের গর্ভে জন্ম নেওয়া যমজ দুই সন্তানের একজনকে মেনে নিয়ে অন্যজনকে অস্বীকার করার মতো ঘটনা ঘটছে। একই দিনে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন ও গণভোটের ফলাফলের ক্ষেত্রেও একটিকে গ্রহণ করে অন্যটিকে অস্বীকার করা যায় না।বিএনপির সমালোচনা করে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, বিএনপির নেতারা জুলাই সনদ মেনে নেওয়ার কথা বলছেন। তবে গণভোটের রায় সম্পূর্ণভাবে বাস্তবায়নের বিষয়ে তাদের পরিষ্কার অবস্থান জানানো প্রয়োজন।সরকারের বিভিন্ন পদে দলীয় ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেন, জেলা পরিষদ, সিটি করপোরেশন এবং বিভিন্ন উন্নয়ন কর্তৃপক্ষে দলীয় পরিচয়ের ব্যক্তিদের নিয়োগ দেওয়া হচ্ছে। এর ফলে সরকারি প্রতিষ্ঠানকে ঘিরে ঠিকাদারি, টেন্ডার এবং অর্থ ভাগাভাগির সুযোগ তৈরি হচ্ছে।এ সময় খুলনা বিভাগে জামায়াতে ইসলামীর নির্বাচিত সংসদ সদস্যদের দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগও করেন তিনি।মহানগর জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি মুকাররম আনসারীর সভাপতিত্বে অনুষ্ঠিত যুব সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি, মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, জামায়াতে ইসলামীর যুব ও ক্রীড়া বিভাগের কেন্দ্রীয় কমিটির সদস্য মুহাম্মদ ইয়াছিন আরাফাত এবং খুলনা মহানগর ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. রাকিব হাসানসহ অন্যরা।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত