প্রিন্ট এর তারিখ : ১৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ আগস্ট ২০২৬
শাহজালাল মাজারের দানবাক্সে প্রায় ৭১ লাখ টাকা, মিলেছে স্বর্ণালঙ্কার-বিদেশি মুদ্রা
স্টাফ রিপোর্টার। ||
হযরত শাহজালাল (রহ.)-এর মাজারের দানবাক্স থেকে এবার পাওয়া গেছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা। এর সঙ্গে মিলেছে স্বর্ণালঙ্কার, রৌপ্য ও বিভিন্ন দেশের বৈদেশিক মুদ্রা। দানবাক্সে দেওয়া বিভিন্ন চিঠিতে পারিবারিক অশান্তি, পরিবারে মাদকের ভয়াবহতা এবং রাজনৈতিক প্রত্যাশার কথাও উঠে এসেছে।প্রায় এক মাস চার দিন পর শনিবার সকাল ১০টায় মাজারের দানবাক্স খোলার কার্যক্রম শুরু হয়। এ সময় তিনটি ডেগ ও তিনটি বাক্স খুলে দানের টাকা একত্র করা হয়। সকাল সাড়ে ১০টা থেকে শুরু হয় টাকা গণনা। প্রায় ৩০ জন স্বেচ্ছাসেবী সন্ধ্যা পর্যন্ত এ গণনার কাজে অংশ নেন।এবার দান হিসেবে পাওয়া গেছে ৭০ লাখ ৮৮ হাজার ৬৭২ টাকা।এছাড়া বৈদেশিক মুদ্রার মধ্যে রয়েছে যুক্তরাজ্যের ৩১.১১ পাউন্ড, ভারতের ৩ হাজার ২৪৮ রুপি, পাকিস্তানের ৬০ রুপি, সৌদি আরবের ৭০ রিয়াল, মালয়েশিয়ার ৮৩ রিঙ্গিত, যুক্তরাষ্ট্রের ৪ ডলার, নেপালের ১০০ রুপি, ওমানের ১ রিয়াল, সংযুক্ত আরব আমিরাতের ৬৪.২২ দিরহাম, ইরাকের ২৫০ দিনার, তুরস্কের ৯০ লিরা, ভিয়েতনামের ১ হাজার ডং, জাপানের ১ হাজার ইয়েন, কাতারের ১১২.৫০ রিয়াল, লেবাননের ১০ পাউন্ড, মিশরের ১০ পাউন্ড, ০.৪০ ইউরো, বাহরাইনের ০.১ দিনার এবং কানাডার ১ ডলার।দানবাক্স থেকে আরও পাওয়া গেছে ২ ভরি ১ রতি স্বর্ণ এবং ১ ভরি ২ আনা রৌপ্য।
সূত্র: বিডি-প্রতিদিন
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত