প্রিন্ট এর তারিখ : ১৬ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬
ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতিকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার। ||
বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শনিবার রাতে তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়। উপজেলা ছাত্রদলের আহ্বায়ক নিয়ামুল হক নাহিদ ও সদস্য সচিব রাকিব তালুকদারের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।শাওন খান উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের আউলিয়াপুর গ্রামের দোলন খানের ছেলে।জানা গেছে, শনিবার দিনভর সামাজিক যোগাযোগমাধ্যমে শাওন খানের ইয়াবা সেবনের ১৬ সেকেন্ডের একটি ভিডিও ছড়িয়ে পড়ে। ভিডিওতে একটি কক্ষের খাটের এক পাশে বসে তাকে ইয়াবা সেবন করতে দেখা যায়। তবে ভিডিওটি কোথায় এবং কখন ধারণ করা হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য ও প্রতিক্রিয়া দেখা যায়।ভিডিওটি উপজেলা ছাত্রদলের নেতাদের নজরে আসার পর শাওন খানকে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, দলীয় নীতি ও আদর্শের পরিপন্থি এবং সাংগঠনিক বিরোধী কার্যক্রমে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাকে ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়ন ছাত্রদলের সভাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।তবে নিজের বিরুদ্ধে ওঠা ইয়াবা সেবনের অভিযোগ অস্বীকার করেছেন শাওন খান। তার দাবি, ভিডিওটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তৈরি করা হয়েছে।শাওন খান বলেন, গত ১৪ আগস্ট বৃহস্পতিবার সংসদ সদস্য আবুল হোসেন খানের বাসায় একটি অনুষ্ঠান চলাকালে মারামারির ঘটনা ঘটে। ওই ঘটনার জেরে তাকে হেয় করার উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করা হয়েছে বলে দাবি করেন তিনি।উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রাকিব তালুকদার বলেন, তারা ভিডিওটি পেয়েছেন। বিষয়টি তদন্তের জন্য জেলা পর্যায়ে পাঠানো হয়েছে। কোনো মাদক ব্যবসায়ী বা মাদকসেবীর দলে স্থান হবে না। সাংগঠনিকভাবে অভিযুক্ত শাওনের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত