প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
কথায় কথায় জুলাই নিয়ে ব্যবসা করছে একটি দল: ক্রীড়া প্রতিমন্ত্রী
স্টাফ রিপোর্টার। ||
একটি রাজনৈতিক দল কথায় কথায় জুলাইকে কেন্দ্র করে ‘ব্যবসা’ করছে বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক। তিনি বলেন, সরকার এই ধরনের ‘ব্যবসা’ থেকে নিজেদের দূরে রাখতে চায়।রোববার (১৬ আগস্ট) বিকেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) কেন্দ্রীয় মিলনায়তনে আয়োজিত ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মরণ অনুষ্ঠান-২০২৬’-এ বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।আমিনুল হক বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচনি ইশতেহারকে সামনে রেখে ইতোমধ্যে সরকারের কর্মপরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু করেছেন।তিনি জানান, সরকারের ছয় মাসের মধ্যেই ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়া খাতের কার্যক্রম, ইমাম-মুয়াজ্জিনদের ভাতা, খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচি দৃশ্যমানভাবে শুরু হয়েছে।ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, দেশের মানুষের সহযোগিতা নিয়ে আগামী সাড়ে চার বছরে সরকারের নির্ধারিত কাঙ্ক্ষিত লক্ষ্য বাস্তবায়ন করতে চান তারা।তিনি আরও বলেন, সরকার প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। বরং সহনশীলতা, ধৈর্য এবং সুস্থ রাজনৈতিক পরিবেশের মাধ্যমে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার নীতিতে বিশ্বাসী তারা।আমিনুল হক বলেন, ভবিষ্যতে যেন দেশে আর কোনো গণ-অভ্যুত্থানের প্রয়োজন না হয়, সে জন্য একটি সুস্থ রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা জরুরি। জুলাইয়ের চেতনাকে ধারণ করে তরুণ ও যুবসমাজসহ সাধারণ মানুষের প্রত্যাশার সঙ্গে সরকারের কার্যক্রমের সমন্বয় করে আগামীর বাংলাদেশ গড়ে তোলার কথাও জানান তিনি।
সূত্র: প্রতিদিনের সংবাদ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত