প্রিন্ট এর তারিখ : ১৭ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
অনিয়মের অভিযোগে ডিএসসিসির সুপারভাইজারকে দায়িত্ব থেকে অব্যাহতি
স্টাফ রিপোর্টার। ||
ট্রেড লাইসেন্স ইস্যু ও নবায়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের হয়রানি এবং অবৈধ অর্থ লেনদেনের অভিযোগ ওঠায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) এক কর্মকর্তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তার বিরুদ্ধে প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা কেন নেওয়া হবে না, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে।দায়িত্ব থেকে অব্যাহতি পাওয়া কর্মকর্তা মোস্তফা নূরউদ্দিন আহম্মেদ ডিএসসিসির রাজস্ব বিভাগের বিবিধ আদায় শাখা, অঞ্চল-৪-এর লাইসেন্স ও বিজ্ঞাপন সুপারভাইজার হিসেবে কর্মরত ছিলেন।রোববার (১৬ আগস্ট) ডিএসসিসি ও ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) যৌথ আয়োজনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় তার বিরুদ্ধে অভিযোগ তোলা হয়। সভায় মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সভাপতি মোহাম্মদ আলী ভুট্টো জানান, গত ২৩ ও ২৪ জুন অনস্পট ট্রেড লাইসেন্স নবায়ন ক্যাম্প চলাকালে মোস্তফা নূরউদ্দিন ২২টি ট্রেড লাইসেন্স নবায়নের কথা বলে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ টাকা গ্রহণ করেন।অভিযোগে বলা হয়, টাকা নেওয়ার পর দেড় মাসের বেশি সময় পার হলেও ওই ২২টি ট্রেড লাইসেন্স নবায়ন করা হয়নি। পরবর্তীতে ফোনে যোগাযোগ করা হলে অভিযুক্ত কর্মকর্তা সময়ক্ষেপণ এবং বিভিন্নভাবে টালবাহানা করেন বলে অভিযোগ করেন ব্যবসায়ী নেতা।মতবিনিময় সভায় অভিযোগটি ওঠার পরই ডিএসসিসির প্রশাসক মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়ার পর তার নির্দেশে মোস্তফা নূরউদ্দিন আহম্মেদকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।ডিএসসিসির প্রধান রাজস্ব কর্মকর্তা জোনায়েদ কবীর সোহাগ বলেন, নাগরিক ও ব্যবসায়ীদের সেবা দেওয়ার ক্ষেত্রে যেকোনো অনিয়ম, দুর্নীতি এবং হয়রানির বিরুদ্ধে সিটি করপোরেশন ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করছে। অভিযুক্ত কর্মকর্তার শোকজের জবাব পাওয়ার পর তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত