প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৬
মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামি হচ্ছেন তিন সাংবাদিক
স্টাফ রিপোর্টার। ||
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় এবার তিন সাংবাদিককে আসামি করার প্রক্রিয়া শুরু হয়েছে। তারা হলেন শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।আগামী ২৪ আগস্ট তাদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ হাজির করার জন্য সংশ্লিষ্ট কারা কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। সোমবার (১৭ আগস্ট) প্রসিকিউশনের আবেদনের পর আদালত এ আদেশ দেন। ট্রাইব্যুনালে হাজির করা হলে তাদের এ মামলায় গ্রেপ্তার দেখানো হবে।প্রসিকিউশনের পক্ষ থেকে ট্রাইব্যুনালকে জানানো হয়, ২০২৪ সালের ১৪ জুলাই তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে অনুষ্ঠিত একটি সংবাদ সম্মেলনে মামলায় উল্লেখ করা অপরাধে ওই তিন সাংবাদিক প্ররোচনা দিয়েছেন।শেখ হাসিনার চীন সফরকে কেন্দ্র করে গণভবনে ওই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কোটা আন্দোলন প্রসঙ্গে শেখ হাসিনা ‘রাজাকার’ শব্দটি ব্যবহার করে মন্তব্য করেন। আন্দোলনরত শিক্ষার্থীরা তার ওই বক্তব্যকে অবমাননাকর হিসেবে উল্লেখ করেন। এরপর ওই রাত থেকেই বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়।প্রসিকিউশনের অভিযোগ, ১৪ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত চলা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে একটি ‘বিকল্প বয়ান’ তৈরিতে ভূমিকা রেখেছিলেন শ্যামল দত্ত, মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা।মামলার নথি অনুযায়ী, ওই সময়ে মোজাম্মেল হক বাবু একাত্তর টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক এবং ফারজানা রুপা একই প্রতিষ্ঠানের প্রধান প্রতিবেদক হিসেবে দায়িত্ব পালন করেন। অন্যদিকে শ্যামল দত্ত জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।জুলাই গণঅভ্যুত্থানের সময় সাংবাদিক, লেখকসহ বিভিন্ন পেশার ব্যক্তিদের বিরুদ্ধে আন্দোলনবিরোধী উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে করা মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা পৃথকভাবে তদন্ত করছে।এদিকে ২০১৩ সালে মতিঝিলের শাপলা চত্বর ও নারায়ণগঞ্জে হেফাজতে ইসলামের কর্মীদের ওপর দমন-পীড়নের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের আরেকটি মামলাতেও মোজাম্মেল হক বাবু ও ফারজানা রুপা বিচারের মুখোমুখি হচ্ছেন।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত