প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে কারাগার থেকে হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট।
ডেক্স রিপোর্ট। ||
মঙ্গলবার বিচারপতি শহীদ ওয়াহিদের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ এ আদেশ দেন বলে জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।আদালতের নির্দেশ অনুযায়ী, ৭৩ বছর বয়সী ইমরান খানকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে নেওয়া হবে।বিচারপতি শহীদ ওয়াহিদ বলেন, মৌলিক অধিকারের বিষয়টি বিবেচনায় রেখে বন্দীর স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতেই আদালত এ নির্দেশ দিয়েছেন।ইমরান খানের চিকিৎসার জন্য একটি মেডিকেল বোর্ড গঠনের নির্দেশও দেওয়া হয়েছে। ওই বোর্ডে হৃদরোগ, মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞের পাশাপাশি ইমরান খানের ব্যক্তিগত চিকিৎসক থাকবেন।ইমরানের মুখপাত্র নাঈম হায়দার পানজুথা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, আদালত ৪৮ ঘণ্টার মধ্যে ইমরান খানকে হাসপাতালে নেওয়ার নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে আগামী ১৬ সেপ্টেম্বর পর্যন্ত তাকে হাসপাতালে রাখার নির্দেশ দেওয়া হয়েছে।ইমরানের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে এবং দ্রুত তা কার্যকর করার আহ্বান জানিয়েছে।পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, সিদ্ধান্তটি আরও আগে হলে ভালো হতো। তাহলে ইমরানের চোখ ও স্বাস্থ্যের এতটা অবনতি হতো না।এ সময় ইমরানের সমর্থক ও দলীয় নেতাকর্মীদের হাসপাতালের বাইরে ভিড় না করার আহ্বান জানান তিনি।ক্রিকেটার থেকে রাজনীতিতে আসা ইমরান খান ২০২৩ সালের আগস্ট থেকে রাওয়ালপিন্ডির একটি কারাগারে বন্দি রয়েছেন।২০২২ সালে ক্ষমতা হারানোর পর তার বিরুদ্ধে একাধিক মামলা করা হয়। এসব মামলায় তিনি বিভিন্ন মেয়াদে সাজাও পেয়েছেন।দীর্ঘদিন ধরে ইমরানের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছিল তার পরিবার ও রাজনৈতিক দল।তার আইনজীবীরা দাবি করেছেন, কারাগারে থাকার সময় ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি উল্লেখযোগ্যভাবে কমে গেছে।তবে এ বিষয়ে পাকিস্তানের তথ্য ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
সূত্র: দি ডেইলি স্টার বাংলা।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত