প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
লামায় বন্যা কবলিতদের জন্য কমিউনিটি সভা, ত্রাণে অনিয়মের বিরুদ্ধে সতর্কতা
মোঃ আমির হোসাইন ছাদেকী , স্টাফ রিপোর্টার বান্দরবান ||
লামা উপজেলার রূপসী পাড়া ইউনিয়নে বন্যা কবলিত জনগোষ্ঠীর জীবন রক্ষাকারী আচরণ নিশ্চিতকরণে কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় দুর্যোগকালীন সরকারি সেবা ও ত্রাণ বিতরণে স্বচ্ছতা নিশ্চিতের ওপর গুরুত্ব দেওয়া হয়।১৮ আগস্ট ২০২৬, মঙ্গলবার রূপসী পাড়া ইউনিয়ন পরিষদে তথ্য অফিস, লামার আয়োজনে এ সভা হয়। সহযোগিতায় ছিল ইউনিসেফ বাংলাদেশ এবং বাস্তবায়ন সহযোগিতায় ছিল জাগ্রত যুব সংঘ, লামা।সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রূপসী পাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব শাহ আলম ও প্রশাসনিক কর্মকর্তা মানিক বড়ুয়া। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, এনজিও প্রতিনিধি ও কমিউনিটি নেতৃবৃন্দ অংশ নেন।সভায় বন্যার সময় নিরাপদ আশ্রয়, শিশু ও বয়স্কদের নিরাপত্তা, বিশুদ্ধ পানি ও স্বাস্থ্যবিধি, ভূমিধসের ঝুঁকি এবং সরকারি সতর্কবার্তা অনুসরণের বিষয়ে আলোচনা হয়।সহকারী তথ্য অফিসার বলেন, দুর্যোগে সঠিক তথ্য জীবন বাঁচায়। গুজব এড়িয়ে চলতে হবে। তিনি শিশু, বয়স্ক ও ঝুঁকিপূর্ণ সদস্যদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন।সভায় দুর্যোগকালে প্রদত্ত সরকারি সেবা, সহায়তা ও ত্রাণের বিনিময়ে কোনো ধরনের লেনদেন না করার জন্য সবাইকে সতর্ক করা হয়। এ ধরনের ঘটনা ঘটলে অভিযোগ বক্সে অভিযোগ প্রদানের অনুরোধ জানানো হয়।ইউপি চেয়ারম্যান শাহ আলম স্থানীয়দের সচেতনতা বৃদ্ধি ও পারস্পরিক সহযোগিতার ওপর জোর দেন।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত