প্রিন্ট এর তারিখ : ১৮ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬
চার বছর পর যুদ্ধ নতুন মোড়ে: মস্কোয় ইউক্রেনের প্রায় ৮০০ ড্রোন হামলা, রুশ ক্ষেপণাস্ত্রে নিহত ১০
ডেক্সট রিপোর্ট। ||
ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর চার বছরেরও বেশি সময় পর মস্কোকে লক্ষ্য করে অন্যতম বড় ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, টানা দুই দিনের মধ্যে মঙ্গলবার দ্বিতীয়বারের মতো প্রায় ৮০০ ড্রোন দিয়ে এ হামলা চালানো হয়।অন্যদিকে, ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলের একটি গ্রামে রাশিয়ার পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ১০ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৭ জন। হামলায় বেশ কয়েকটি বসতবাড়ি ধ্বংস হয়ে গেছে।প্রায় ১ হাজার ২৫০ কিলোমিটার (৭৮০ মাইল) দীর্ঘ যুদ্ধক্ষেত্রে সেনা চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হওয়ায় দুই দেশই এখন দূরপাল্লার আকাশ হামলার ওপর বেশি গুরুত্ব দিচ্ছে। ইউক্রেন নিজস্ব প্রযুক্তিতে তৈরি দূরপাল্লার ড্রোন ব্যবহার করে রাশিয়ার ভূখণ্ডে ধারাবাহিক হামলা চালিয়ে যাচ্ছে। কিয়েভের প্রধান লক্ষ্য রাশিয়ার সাধারণ মানুষকে যুদ্ধের ভয়াবহতা উপলব্ধি করানো এবং প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে শান্তি আলোচনায় বসতে চাপ সৃষ্টি করা।রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, রাতের অভিযানে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ৭৯১টি ইউক্রেনীয় ড্রোন ধ্বংস করেছে। এর মধ্যে ৬০০টির বেশি ড্রোন মস্কোর দিকে যাচ্ছিল বলে জানানো হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন দাবি করেছেন, মস্কো অঞ্চলে ১৮০টি ড্রোন ভূপাতিত করা হয়েছে।ড্রোন হামলার সময় মস্কোর কাছে রাশিয়ার বৃহত্তম ই-কমার্স প্রতিষ্ঠান ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি গুদামে আগুন লাগে। ইউক্রেনের দাবি, প্রতিষ্ঠানটি রুশ সেনাবাহিনীকে সহায়তা করে আসছে।এদিকে, ইউক্রেনের খারকিভ অঞ্চলের পেচেনিহি গ্রামে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় একটি ক্যাফে, ডাকঘর, দোকান এবং ১০টি বসতবাড়ি ধ্বংস হয়েছে। এতে ১০ জন নিহত হয়েছেন। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ঘটনাটিকে ‘নৃশংস আক্রমণ’ হিসেবে উল্লেখ করে কঠোর জবাব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।এ ছাড়া সুমি অঞ্চলেও রুশ হামলায় আরও তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত