প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
চাঁদপুরে মিষ্টির মধ্যে পোকা পাওয়ার দুই প্রতিষ্ঠান মালিককে জরিমানা
কাজী নজরুল ইসলাম , জেলা প্রতিনিধি (চাঁদপুর) ||
চাঁদপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে মিষ্টির মধ্যে পোকা পাওয়ায় ও মূল্য তালিকা না থাকায় দুই প্রতিষ্ঠান মালিক কে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।বুধবার ১৯ আগস্ট চাঁদপুরের হাজী মহসিন রোড ও বাসস্ট্যান্ড এলাকায় অভিযানকালে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী প্রশাসনিক ব্যবস্থা হিসেবে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রয়ের জন্য সংরক্ষণ এবং মিষ্টির মধ্যে পোকা পাওয়ায় জেনিথ সুইটসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সেবার মূল্য তালিকা না থাকা এবং নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্য নেওয়ার অভিযোগে সিপি হেয়ার জোনকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।অভিযান সংশ্লিষ্টরা জানান, কয়েকদিন আগে একজন ভোক্তার কাছ থেকে সিপি হেয়ার জোনে চুল কাটা, শেপ করা ও ফেসিয়ালের জন্য ২ হাজার ৫০০ টাকা দাবি করা হয়। পরে ভুক্তভোগী ২ হাজার টাকা পরিশোধ করে সেখান থেকে বেরিয়ে আসেন।জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান জরিমানার আদেশ দেন। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠান দুটি স্বেচ্ছায় পরিশোধ করে। একই সঙ্গে প্রতিষ্ঠানগুলোর কর্তৃপক্ষ ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন।অভিযানের অংশ হিসেবে এলাকার অন্যান্য প্রতিষ্ঠানও পরিদর্শন করা হয় এবং ব্যবসায়ী ও ভোক্তাদের মধ্যে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করে। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত