প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
বিদ্যুৎ সংকটে বর্তমান সরকারের দায় নেই: জাহেদ উর রহমান
স্টাফ রিপোর্টার। ||
দেশে চলমান বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকার কোনোভাবেই দায়ী নয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। একই সঙ্গে বিদ্যুৎ সংকটের কারণে মানুষের ভোগান্তির জন্য প্রধানমন্ত্রী দুঃখ প্রকাশ করেছেন বলেও জানান তিনি।বুধবার (১৯ আগস্ট) দুপুরে রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ের মিলনায়তনে নজরুল বর্ষ উপলক্ষে শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত সাংস্কৃতিক প্রতিযোগিতা ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।জাহেদ উর রহমান বলেন, বিদ্যুৎ সংকটের জন্য বর্তমান সরকারের সামান্যতম দায়ও নেই। তবে সংকটের কারণে মানুষ কষ্ট পাচ্ছেন, এ জন্য প্রধানমন্ত্রী জনগণের দুর্ভোগের বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তিনি বলেন, আগের সরকার বলত, সব বন্ধ করে দিলে আগে কী ছিল তা দেখানো হবে। অতীতেও এ ধরনের বক্তব্য দেওয়া হয়েছে।তিনি বলেন, বর্তমান সরকার জনগণের কাছ থেকে বড় ধরনের সমর্থন পেয়েছে। জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি যেকোনো মূল্যে বাস্তবায়নের জন্য সরকার কাজ করছে। এ কাজে সবার সহযোগিতা প্রয়োজন।সরকারি কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, অতীতে এমন একটি সরকারের অধীনে কর্মকর্তাদের দায়িত্ব পালন করতে হয়েছে, যাদের নির্বাচিত হওয়ার কোনো দায়বদ্ধতা ছিল না। দীর্ঘদিন ক্ষমতায় থাকার লক্ষ্যেই ওই সরকার কাজ করেছে। ভোটের ব্যবস্থা সঠিক থাকলে সরকারকে সবসময় জনগণের বিষয়টি বিবেচনায় রাখতে হবে।জাহেদ উর রহমান বলেন, বর্তমান সরকারের ১৮০ দিন অতিক্রান্ত হয়েছে। এ সময়ে সরকারের কার্যক্রম উপদেষ্টা ও বিশেষজ্ঞরা মূল্যায়ন করছেন। আগামী ছয় মাস পর প্রতিটি মন্ত্রণালয়ের কর্মকাণ্ডও মূল্যায়নের আওতায় আসবে। এই প্রক্রিয়ায় সরকারের সব পর্যায়ের কর্মকর্তাদের যুক্ত হতে হবে।আগামী দিনে জনগণের কাছে সরকারের কর্মকাণ্ডের হিসাব তুলে ধরার ক্ষেত্রে সরকারি কর্মকর্তাদের সহযোগিতা প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, কোন ক্ষেত্রে কী কাজ হয়েছে এবং কী ধরনের নীতি ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে, সে সম্পর্কে কর্মকর্তাদের জানাশোনা থাকতে হবে। একই সঙ্গে দেশে ভবিষ্যতে একটি কার্যকর নির্বাচনী ও গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।তিনি আরও বলেন, শেখ হাসিনা দেশের মানুষকে ভোটের ক্ষেত্রেও যথাযথ মূল্যায়ন করেননি। সরকারের জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে দেশকে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হতো না।শিশু-কিশোরদের বিভিন্ন ধরনের আসক্তি থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে যুক্ত করার ওপর গুরুত্বারোপ করেন জাহেদ উর রহমান। খেলাধুলা, সংগীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে শিশুদের বিকাশের সুযোগ তৈরি করার আহ্বান জানান তিনি। প্রচলিত সার্কাস ও যাত্রাপালার নেতিবাচক বিষয়গুলো বাদ দিয়ে এসব আয়োজন পুনরায় চালুর উদ্যোগ নেওয়ার কথাও জানান তিনি।রংপুর বিভাগীয় কমিশনার শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার আব্দুল মোতালেব সরকারসহ বিভাগের আট জেলার জেলা প্রশাসক ও কালচারাল অফিসাররা উপস্থিত ছিলেন।
সূত্র: নতুন কাগজ।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত