প্রিন্ট এর তারিখ : ১৯ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬
বিয়ের আগে বরের বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকার ও নগদ টাকা লুট
স্টাফ রিপোর্টার। ||
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বিয়ের প্রস্তুতির মধ্যে বরের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় প্রায় সাড়ে তিন ভরি সোনার গহনা, নগদ টাকা ও মূল্যবান আসবাবপত্র লুট করে নিয়ে যাওয়ার অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।মঙ্গলবার (১৮ আগস্ট) রাতে উপজেলার চরফকিরা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর কালী এলাকার আনু মাঝির বাড়িতে এ ঘটনা ঘটে। ওই বাড়ির ছোট ছেলে ওমর ফারুকের বিয়ে আগামী ২৫ আগস্ট। এ উপলক্ষে বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছিল।ওমর ফারুক জানান, তিনি তার মাকে নিয়ে ঢাকায় অবস্থান করছিলেন। বাড়িতে ছিলেন তার ভাবী, ভাতিজি ও ভাগ্নি। গভীর রাতে ডাকাত দল বাড়িতে ঢুকে আসবাবপত্র ভাঙচুর শুরু করে। ভয়ে তার ভাবী একটি কক্ষে দরজা বন্ধ করে তাদের ফোনে বিষয়টি জানান।পরে ডাকাতরা বিয়ের জন্য কেনা এবং বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও গুরুত্বপূর্ণ আসবাবপত্র নিয়ে যায়। এ সময় এলাকাবাসী বিষয়টি টের পেলে ডাকাতরা একটি দেশীয় অস্ত্র ও দুটি রড ফেলে পালিয়ে যায়।কোম্পানীগঞ্জ থানার ওসি মো. নুরুল হাকিম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সূত্র: দৈনিক ইত্তেফাক
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত