প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্যে দিয়ে ময়মনসিংহে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত
কে এম নূহ্ পারভেজ বিজয়, স্টাফ রিপোর্টার (ময়মনসিংহ) ||
ব্যানার-ফেস্টুনে রঙিন রাজপথ, স্লোগানে মুখরিত নগরী আর নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে ময়মনসিংহে পালিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী। গত বুধবার ১৯ আগস্ট ২০২৬ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে অনুষ্ঠিত বর্ণাঢ্য র্যালিতে বিভিন্ন থানা, উপজেলা ও ইউনিটের নেতাকর্মীদের পাশাপাশি বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকেরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর এই আয়োজনের আনুষ্ঠানিকতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. রুকুনোজ্জামান রোকন। তিনি বেলুন উড়িয়ে কর্মসূচির সূচনা করেন এবং পরে নেতাকর্মীদের সঙ্গে র্যালিতে অংশ নেন। দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল আমিন খসরুর সভাপতিত্বে আয়োজিত কর্মসূচি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব সোহেল খান। এ সময় যুগ্ম আহ্বায়ক মো. সাখাওয়াত হোসেন সৌরভ সহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তবে র্যালির অন্যতম দৃশ্যমান অংশ হয়ে ওঠে ময়মনসিংহ জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক তানভীরুল ইসলাম টুটুলের নেতৃত্বে অংশ নেওয়া বিশাল কর্মী-সমর্থক বহর। মিছিলটি অ্যাডভোকেট তারেক স্মৃতি মিলনায়তন প্রাঙ্গণে হতে জেলা স্কুলের মোড় অতিক্রম করে নতুনবাজার ট্রাফিক চত্বর ও ময়মনসিংহ প্রেসক্লাব মোড় হয়ে নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঐতিহাসিক কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সমাপ্ত হয়। র্যালিতে অংশ নেওয়া নেতাকর্মীদের হাতে থাকা ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ডে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা, সংগঠনের ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের নানা বার্তা তুলে ধরা হয়। র্যালিকে ঘিরে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে নেতাকর্মীদের আসতে দেখা যায়। কেউ ছোট মিছিল নিয়ে, কেউ দলীয় ব্যানার হাতে, আবার কেউ ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে মূল কর্মসূচিতে যোগ দেন। একপর্যায়ে বিভিন্ন ইউনিটের নেতাকর্মীদের সম্মিলিত উপস্থিতিতে র্যালিটি বড় আকার ধারণ করে। সড়কের দুই পাশে থাকা সাধারণ মানুষও কিছু সময়ের জন্য এ রাজনৈতিক কর্মসূচির দিকে দৃষ্টি দেন। আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন কেবল আনুষ্ঠানিকতা নয়; সংগঠনের অতীতের পথচলা স্মরণ করে ভবিষ্যতের সাংগঠনিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করার একটি উপলক্ষ। কর্মসূচিতে নেতাকর্মীরা সংগঠনের ঐতিহ্য ও সংগ্রামের ধারাবাহিকতা বজায় রেখে মানুষের পাশে থাকার এবং সাংগঠনিকভাবে আরও ঐক্যবদ্ধ হওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। ময়মনসিংহ দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন থানা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের অংশগ্রহণে আয়োজিত এই র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী-সমর্থকদেরও উপস্থিতি ছিল। ফলে প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে নগরীতে দিনভর দলীয় নেতাকর্মীদের সরব উপস্থিতি লক্ষ্য করা যায়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত