প্রিন্ট এর তারিখ : ০৪ অক্টোবর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
ফিলিস্তিনে সহায়তা বাড়াচ্ছে ভারত, নির্মাণ হবে ২০০ শয্যার হাসপাতাল
ডেক্স রিপোর্ট। ||
ফিলিস্তিনে উন্নয়ন সহায়তা আরও বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছে ভারত। এর অংশ হিসেবে বুধবার দুই পক্ষ ফিলিস্তিনে ২০০ শয্যার একটি আধুনিক সুপার-স্পেশালিটি হাসপাতাল নির্মাণে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের ঘোষণা দিয়েছে।প্রস্তাবিত হাসপাতালটিতে আধুনিক চিকিৎসাসেবার পাশাপাশি একটি ট্রমা সেন্টারও থাকবে।এদিকে ২০২৮-২৯ মেয়াদে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য হওয়ার জন্য ভারতের প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছে ফিলিস্তিন। বুধবার ভারতে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত আবদুল্লাহ আবু শাওয়েশ এ সমর্থনের কথা জানান।তিনি বলেন, জাতিসংঘ ও নিরাপত্তা পরিষদ সংস্কারের ক্ষেত্রে ফিলিস্তিনের অন্যতম প্রত্যাশা হলো, ভবিষ্যতে ভারত যেন নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের একটি দেশ হতে পারে।ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব শ্রীপ্রিয়া রঙ্গনাথনের ফিলিস্তিন সফরকালে আরও একটি গুরুত্বপূর্ণ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। এর আওতায় ফিলিস্তিনের জাতীয় মুদ্রণ সংস্থার মধ্যে একটি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে।এই কেন্দ্রে মুদ্রণ খাতে দক্ষতা অর্জনের জন্য প্রশিক্ষণ দেওয়া হবে।
সূত্র: যুগান্তর।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত