প্রিন্ট এর তারিখ : ২০ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২০ আগস্ট ২০২৬
স্বামীর জানাজা ও দাফন শেষে মুন্সীগঞ্জ কারাগারে ফিরলেন দীপু মনি
নিজস্ব প্রতিবেদক ||
সাবেক মন্ত্রী ডা. দীপু মনির স্বামী ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নেওয়ার পর আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরেছেন দীপু মনি।বৃহস্পতিবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর গুলশান আজাদ মসজিদে তৌফিক নেওয়াজের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে প্রিজন ভ্যানে করে দীপু মনিকে বনানী কবরস্থানে নেওয়া হয়। সেখানে স্বামীর দাফন সম্পন্ন হওয়ার পর তাঁকে আবার কারাগারে নেওয়া হয়।জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টা ১৫ মিনিটে বনানী কবরস্থান থেকে দীপু মনিকে বহনকারী প্রিজন ভ্যান মুন্সীগঞ্জের উদ্দেশে রওনা হয়। সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটের দিকে ভ্যানটি মুন্সীগঞ্জ জেলা কারাগারে প্রবেশ করে।বিষয়টি নিশ্চিত করেছেন দীপু মনির আইনজীবী মো. ফয়সল হাসান এবং মুন্সীগঞ্জ জেলা কারাগারের জেল সুপার মো. জান্নাত-উল ফারহাদ।১২ ঘণ্টার প্যারোলে মুক্তিএর আগে স্বামীর জানাজা ও দাফনে অংশ নেওয়ার জন্য দীপু মনিকে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি দেওয়া হয়। তাঁর মেয়ে তনী দীপাভলী নেওয়াজ এ বিষয়ে আবেদন করেন।আবেদনের পরিপ্রেক্ষিতে জেলা প্রশাসনের অনুমোদনে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাঁর প্যারোলের সময় নির্ধারণ করা হয়।সকাল ৬টা ১৫ মিনিটে দীপু মনিকে নিয়ে মুন্সীগঞ্জ জেলা কারাগার থেকে ঢাকার উদ্দেশে প্রিজন ভ্যান রওনা হয়। এরপর তিনি স্বামীর জানাজা ও দাফন কার্যক্রমে অংশ নেন।দাফন ও সংশ্লিষ্ট আনুষ্ঠানিকতা শেষ করে নির্ধারিত সময়ের মধ্যেই তাঁকে আবার মুন্সীগঞ্জ জেলা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত