প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
মুরগির খোঁয়াড় থেকে আইফোনসহ ৫৫ ভারতীয় মোবাইল উদ্ধার, আটক ১
স্টাফ রিপোর্টার। ||
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে একটি মুরগির খোঁয়াড়ে লুকিয়ে রাখা আইফোনসহ ৫৫টি ভারতীয় চোরাই মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ ও বিজিবি। এ ঘটনায় এনামুল হক অন্তর (২৬) নামে এক যুবককে আটক করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট) রাতে উপজেলার তিলাই ইউনিয়নের আসাদমোড় এলাকার উত্তর তিলাই বিএসসি পাড়ায় অভিযান চালিয়ে এসব মোবাইল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া ফোনগুলোর মধ্যে আইফোন, মটোরোলা, অপ্পো, রেডমি, রিয়েলমি ও ভিভোসহ বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল রয়েছে। পুলিশের তথ্যমতে, উদ্ধার করা মোবাইলগুলোর অবৈধ সিজার মূল্য প্রায় ১৩ লাখ টাকা।পুলিশ ও বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে পুলিশের একটি দল এবং কুড়িগ্রাম-২২ বিজিবির ধলডাঙ্গা ক্যাম্প কমান্ডার সুবাদার মো. মতিউর রহমানের নেতৃত্বে বিজিবির একটি দল অভিযান পরিচালনা করে। এ সময় উত্তর তিলাই বিএসসি পাড়ার ময়েন আলীর ছেলে এনামুল হক অন্তরের বাড়িতে তল্লাশি চালানো হয়। পরে বাড়ির হাঁস-মুরগির খোঁয়াড় থেকে লুকিয়ে রাখা ৫৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।স্থানীয়দের ভাষ্য, আসাদমোড় এলাকায় দীর্ঘদিন ধরে ভারতীয় চোরাই মোবাইলের কেনাবেচা হয়ে আসছে। বিভিন্ন স্থান থেকে মোবাইল ব্যবসায়ীরা সেখানে এসে এসব ফোন কিনে নিয়ে যান।পুলিশ ও বিজিবি জানিয়েছে, সীমান্তের ওপার থেকে অবৈধ পথে এসব মোবাইল বাংলাদেশে প্রবেশ করছে। পরে দেশের বিভিন্ন এলাকায় সেগুলো ছড়িয়ে পড়ছে। নিবন্ধনহীন কিংবা অবৈধ আইএমইআইযুক্ত এসব মোবাইল অপরাধমূলক কর্মকাণ্ডে ব্যবহারের ঝুঁকি রয়েছে।ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, আসাদমোড় দীর্ঘদিন ধরে মোবাইল চোরাকারবারিদের একটি কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। বিজিবির সঙ্গে সমন্বয় করে পরিকল্পিত অভিযান চালিয়ে এসব মোবাইল জব্দ করা হয়েছে।
সূত্র: জাগো নিউজ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত