প্রিন্ট এর তারিখ : ২১ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৬
সমমর্যাদা ও সমতার ভিত্তিতে সম্পর্ক হলে ভারত সফরে আপত্তি নেই: জামায়াত আমির
স্টাফ রিপোর্টার। ||
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, পারস্পরিক সমতা ও সমমর্যাদা নিশ্চিত হলে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন।শুক্রবার (২১ আগস্ট) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর সদস্য (রোকন) সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।ডা. শফিকুর রহমান বলেন, প্রধানমন্ত্রী চাইলে বিশ্বের যেকোনো দেশ সফর করতে পারেন। বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত সফরেও কোনো বাধা নেই। তবে সেই সফর হতে হবে সমতা, সমমর্যাদা ও বন্ধুত্বের ভিত্তিতে।তিনি বলেন, বাংলাদেশের মানুষ এখন আর কোনো ধরনের আধিপত্যবাদ মেনে নেবে না। ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ হবে এবং তা সমতা ও পারস্পরিক মর্যাদার ভিত্তিতে গড়ে উঠবে—এটাই দেশের মানুষের প্রত্যাশা।জামায়াত আমির বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একই সঙ্গে সরকারপ্রধান ও দলীয় প্রধান। তিনি চাইলে দেশে চলমান চাঁদাবাজি, দুর্নীতি ও ঘুষ-বাণিজ্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে পারেন। তাঁর মতে, এসব বন্ধ করা সম্ভব; মূল বিষয় হলো তিনি তা করতে চাইছেন কি না।জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী দেশের মানুষের কাছে একটি আদর্শিক সংগঠন হিসেবে পরিচিত। মানুষের এই আস্থা অর্জনে সংগঠনটি দীর্ঘদিন ধরে ইসলামের দাওয়াত, আদর্শ সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।আগামী স্থানীয় নির্বাচনে জনমানুষের ভোটাধিকার নিশ্চিত করতে নেতাকর্মীদের সক্রিয় থাকার নির্দেশ দেন তিনি। তিনি বলেন, যাতে কেউ জনগণের ভোটাধিকার কেড়ে নিতে না পারে, সে বিষয়ে নেতাকর্মীদের সোচ্চার ভূমিকা পালন করতে হবে।রাজশাহী মহানগরী জামায়াতে ইসলামীর আমির ড. মাওলানা কেরামত আলী এমপির সভাপতিত্বে সম্মেলনটি পরিচালনা করেন মহানগরী জামায়াতের সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি। এ ছাড়া বক্তব্য দেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি এবং ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর আমির নুরুল ইসলাম বুলবুল এমপি।
সম্মেলনে রাজশাহী মহানগরীর সহস্রাধিক রোকন সদস্য—নারী ও পুরুষ—অংশ নেন।সূত্র: দেশ রূপান্তর
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত