প্রিন্ট এর তারিখ : ২৪ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬
স্বামীর ধারালো অস্ত্রের কো/পে মাথায় গুরুতর জখম, হাসপাতালে স্ত্রী
মোঃ মামুন, উপজেলা প্রতিনিধি মনপুরা ||
ভোলার মনপুরায় পারিবারিক বিরোধের জেরে স্বামীর হামলায় আসমা (২২) নামে এক নারী গুরুতর আহত হয়েছেন। মাথায় ধারালো অস্ত্রের আঘাতে জখম অবস্থায় তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।সোমবার (২৪ আগস্ট) দুপুরে উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে।আহত আসমা উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা নসির মাঝির মেয়ে। তার স্বামী মামুন (২৭) একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মোতালেব মেম্বারের ছেলে বলে জানা গেছে।স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিরোধের জেরে মামুন তার স্ত্রী আসমাকে মারধর করেন। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।আহত আসমার ভাই সিরাজ অভিযোগ করে বলেন, প্রায় দুই বছর আগে তার বোনের সঙ্গে মামুনের বিয়ে হয়। বিয়ের পর তারা সংসার করলেও বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। মামুনের এর আগে আরও একটি বিয়ে হয়েছিল। ওই সংসারের বিষয়কে কেন্দ্র করেও বিভিন্ন সময় বিরোধের সৃষ্টি হয়েছে বলে দাবি করেন তিনি।সিরাজ আরও অভিযোগ করেন, গত কয়েক মাস ধরে মামুন তার বোনকে একাধিকবার মারধর করেছেন। পরে আবার তাদের মধ্যে সমঝোতা হয়ে সংসার চলছিল। তার অভিযোগ, এর আগেও তার বোনকে হত্যার চেষ্টা করা হয়েছিল। সর্বশেষ সোমবার মামুন তার বোনকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে বাড়িতে ফেলে যান। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে তারা আসমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া এবং অভিযুক্ত মামুনের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
অভিযুক্ত মামুনের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত