প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
চলতি অর্থবছরের মধ্যেই হবে সব স্থানীয় সরকার নির্বাচন
স্টাফ রিপোর্টার। ||
চলতি অর্থবছরের মধ্যেই দেশের পাঁচ ধরনের স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। এসব নির্বাচন আয়োজনের জন্য বাজেটে ৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে বলেও জানান তিনি।মঙ্গলবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সঙ্গে সাক্ষাৎ করেন ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার। বৈঠক শেষে সাংবাদিকদের আলোচনার বিষয়গুলো জানান প্রতিমন্ত্রী।স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মীর শাহে আলম বলেন, প্রধানমন্ত্রীর অনুমোদন পাওয়া সাপেক্ষে আগামী সপ্তাহে নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা করতে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে বৈঠক করা হবে।তিনি জানান, নির্বাচনের তফসিল ও তারিখ নির্ধারণের এখতিয়ার নির্বাচন কমিশনের। ইসির সঙ্গে আলোচনা শেষ হওয়ার পর স্থানীয় সরকার নির্বাচন নিয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে ব্রিফিং দেওয়া হবে।বৈঠকে পানি সরবরাহ ব্যবস্থায় ডেনমার্কের সহযোগিতার বিষয়টিও আলোচনায় আসে বলে জানান প্রতিমন্ত্রী।তিনি বলেন, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় ডেনমার্ক সহযোগিতা করবে। সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপের কাজ শেষ করতেও দেশটি সহায়তা দেবে।প্রতিমন্ত্রীর তথ্য অনুযায়ী, ১৬ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত পানি শোধনাগারের তৃতীয় ধাপের জন্য ডেনমার্ক ৪ হাজার ৫০০ কোটি টাকা সহায়তা দেবে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান হিসেবে দেওয়া হবে। অবশিষ্ট ৩ হাজার কোটি টাকা আগামী ২০ বছরে ধাপে ধাপে পরিশোধ করবে সরকার। এতে সরকারের ওপর বড় ধরনের আর্থিক চাপ পড়বে না বলে জানান তিনি।প্রকল্পটি বাস্তবায়িত হলে মেঘনা নদী থেকে ৯৫ কোটি লিটার পানি শোধন করা সম্ভব হবে।এ ছাড়া রোহিঙ্গাদের সহায়তায় ডেনমার্ক ১০০ কোটি টাকা দেবে বলেও জানান প্রতিমন্ত্রী।
সূত্র: আমার দেশ
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত