প্রিন্ট এর তারিখ : ২৫ আগস্ট ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬
ট্রান্সফরমার চুরির প্রতিবেদন না দেওয়ায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জিএমকে আদালতে তলব
কাজী নজরুল ইসলাম , জেলা প্রতিনিধি (চাঁদপুর) ||
চাঁদপুরের মতলব উত্তরে ধারাবাহিক ট্রান্সফরমার চুরির ঘটনায় আদালতের নির্দেশনা অনুযায়ী প্রতিবেদন দাখিল না করায় চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজারকে (জিএম) আদালতে তলব করা হয়েছে। আগামী ৩০ আগস্ট তাকে আদালতে ব্যক্তিগতভাবে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা ও চাহিত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।সোমবার ২৪ আগস্ট দুপুরে বিচারিক ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ এ আদেশ দেন।আদালত সূত্রে জানা যায়, মতলব উত্তর উপজেলায় একের পর এক পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরির ঘটনা নিয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি আদালতের নজরে আসে। এর পরিপ্রেক্ষিতে বিচারিক ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ স্বপ্রণোদিত হয়ে বিষয়টি আমলে নেন।চোরাই ট্রান্সফরমার ও সংশ্লিষ্ট মালামাল উদ্ধার এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে তিন কার্যদিবসের মধ্যে লিখিত প্রতিবেদন দাখিলের জন্য চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর জেনারেল ম্যানেজারকে নির্দেশ দেওয়া হয়েছিল।তবে নির্ধারিত সময়ের মধ্যে আদালতের নির্দেশ অনুযায়ী প্রতিবেদন দাখিল করা হয়নি। এতে আদালত অসন্তোষ প্রকাশ করে জেনারেল ম্যানেজারকে আগামী ৩০ আগস্ট ব্যক্তিগতভাবে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন। ওই দিন তাকে লিখিত ব্যাখ্যা দেওয়ার পাশাপাশি আদালতের চাহিদা অনুযায়ী প্রতিবেদনও দাখিল করতে বলা হয়েছে।আদালতের আদেশে বলা হয়েছে, আদালতের নির্দেশ থাকা সত্ত্বেও প্রতিবেদন দাখিল না করা আদালতের আদেশ অমান্যের শামিল এবং শাস্তিযোগ্য অপরাধ। এ কারণে জেনারেল ম্যানেজারের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে তাকে লিখিত ব্যাখ্যা দিতে হবে।
কপিরাইট © ২০২৬ ইনসাফ টাইম ২৪ । সর্বস্বত্ব সংরক্ষিত